ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯০ জন।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃতদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১ জন, দক্ষিণ সিটিতে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগে ৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন, খুলনায় ৩৮ জন, ময়মনসিংহে ৩৩ জন, রাজশাহীতে ১৮ জন, রংপুরে ৫ জন ও সিলেটে ৩ জন ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪০ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৩ হাজার ৮৩৬ জন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৬৭ জন। মৃত্যু হয়েছে ৩৯১ জনের।
এর আগে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এসজি/