একাত্তর নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা আমাদের দেশকে ছোট করে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্যে তুলনায় নাখোশ তিনি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পরে গণমাধ্যমকর্মীদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন শারমীন মুরশিদ।
তিনি বলেন, ‘একাত্তরকে নিয়ে কোনো বিতর্ক করার দরকার নেই। একাত্তর আমাদের বড্ড গর্বের জায়গা। একাত্তর নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাখ্যা আমাদের দেশকে ছোট করে। এটা করা যাবে না।’
দেশের অনেক রাজনীতিবিদ এবং বীর মুক্তিযোদ্ধাদের অনেকের মতে, চব্বিশের গণ-অভ্যুত্থানের শক্তি নতুন প্রেক্ষাপট উপস্থাপন করে একাত্তরকে মুছে ফেলতে চায়।
এ বিষয়ে প্রশ্ন করা হলে শারমীন এস মুরশিদ বলেন, ‘আসলে এটা কোনো তুলনার বিষয় না। একাত্তরে আমরা সাম্য, গণতন্ত্র, সমতা চেয়েছিলাম। ২৪-এর আন্দোলনে সেটি চেয়েছি। একাত্তরে আমরা ন্যায্যতাভিত্তিক এক সমাজ চেয়েছিলাম। কিন্তু পরবর্তী সময়ে তা আমরা অর্জন করতে পারিনি। তাই চব্বিশে এ ছোট ছোট ছেলেরা এক যুদ্ধে অবতীর্ণ হয়। চব্বিশ তো আসলে একাত্তরের চলমান যাত্রা।’
নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে শারমীন এস মুরশিদ বলেন, ‘আমি আশা করি, নির্বাচন যথাসময়ে হবে।’
জয়ন্ত/এসজি/