ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সুমন।
গ্রেপ্তাররা হলেন মুন্না ওরফে রগ কাটা মুন্না (৩২), মো. আল আমিন (৩০) এবং মো. আলাল (২০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতের কোনো এক সময়ে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় ডাকাতির প্রস্তুতিরত অবস্থায় একটি রামদা, একটি সুইচ গিয়ার চাকু ও একটি কেচিসহ ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের মধ্যে মুন্না ওরফে রগ কাটা মুন্নার বিরুদ্ধে ডিএমপির কোতোয়ালি, পল্টন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একাধিক অপরাধে মোট আটটি মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।