স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘দেশপ্রেমিক উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়াতে কাজ করছে অন্তর্বর্তী সরকার।’
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকায় প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে ২০ একর জমি নিয়ে গড়ে ওঠা সম্প্রসারিত বিসিক শিল্পনগরীর প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘গত ১৫ বছর ছিল ফ্যাসিবাদ। বাংলাদেশের মানুষ ভোট দিতে গিয়ে বন্দি হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, গুমও হয়েছে। এবার নির্বাচনে মানুষ দুটি ভোট দেবে। একটি গণভোট জুলাই সনদের পক্ষে, আরেকটি সংসদে প্রতিনিধি নির্বাচন করতে। এর মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে তৈরি হবে।’
শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই উপদেষ্টা আরও বলেন, ‘দেশের জন্য রেমিট্যান্স একটি বিরাট ব্যাপার।’ তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারাই দায়িত্ব পাবেন তারাই দেশের অর্থনীতি এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাবেন।’
এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মাদারীপুরের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনীয়া, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরদার সামচুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, বিসিক শিল্পনগরীরর সহকারী মহাব্যবস্থাপক জালিস মাহমুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।