বিশ্ব ব্রেইল দিবস আজ ৪ জানুয়ারি। দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ালেখার বিশেষ পদ্ধতি ব্রেইলের আবিষ্কারক লুইস ব্রেইলের জন্মদিন অনুসারে দিবসটি বিশ্বব্যাপী পালন করা হয়। ব্রেইল ১৮০৯ সালের ৪ জানুয়ারি প্যারিসের নিকটবর্তী কুপভেরি শহরে জন্মগ্রহণ করেন।
২০১৮ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ঘোষণা করা হয় দিবসটি। পরের বছর ২০১৯ সালে ৪ জানুয়ারি প্রথম ‘ব্রেইল দিবস’ পালিত হয়। ব্রেইল পদ্ধতি আবিষ্কারের ফলে দৃষ্টিহীনরা শিক্ষার সুযোগ পেয়েছেন।
মাত্র তিন বছর বয়সে অন্ধ হয়ে যান লুইস ব্রেইল। তারপরও তার জীবন থেমে থাকেনি। পড়াশোনার জন্য তিনি ভর্তি হয়েছিলেন প্যারিসের দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য তৈরি বিশেষ স্কুলে। ব্রেইল সেখানে জানতে পারেন, অ্যালফাবেট কোডের কথা। ফরাসি সৈন্যরা শত্রু পক্ষের নিশানা থেকে বাঁচতে রাতে তাদের অফিসারদের সঙ্গে এ কোড ব্যবহার করতেন, যা ছিল বেশ কিছু অ্যালফাবেট কোড বিন্দু আর ছোট লাইনের সমষ্টি। সেগুলো এমনভাবে খোদাই ছিল আঙুল স্পর্শ করলেই পড়া যেত। এ পদ্ধতি থেকেই ব্রেইলের চিন্তায় অন্ধদের শিক্ষার কৌশল আসে। ১৮২৭ সালে প্রথম ব্রেইল পদ্ধতির বই প্রকাশিত হয়।
প্রসঙ্গত, ছয়টি ডট দিয়ে ব্রেইল পদ্ধতিতে অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদিকে চিহ্নিত করা হয়। সেগুলোর ওপর আঙুল বুলিয়ে ব্যবহারকারীরা অক্ষরগুলো অনুধাবন করেন, সেখানে নিজের ভাব অনুযায়ী কাজ করেন।