রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদকৃত খসড়ার অনুমোদন ও রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আজও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সাড়ে ১২টার পর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে আশপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায় এ পথে যাতায়াতকারীদের।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। সাতটি কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ঘোষণা এলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে বিলম্ব হওয়ায় শিক্ষার্থীরা এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন। দাবি আদায় করেই সড়ক ছাড়ার হুঁশিয়ারি তাদের।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাদের মূল দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ। কিন্তু নানা টালবাহানা করে এই অধ্যাদেশ পিছিয়ে দেওয়া হচ্ছে। তারা অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবি জানান।
এর আগে গতকাল বুধবারও সায়েন্সল্যাব, ফার্মগেট, টেকনিক্যাল মোড় ও মহাখালীতে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে মিছিল নিয়ে এসব পয়েন্টে জড়ো হয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
গত মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়াটি প্রকাশের পর এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভার আয়োজন করে।
সুমন/