পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে তিনি প্রকল্প পরিদর্শনে আসেন। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়ের সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের কাছ থেকে প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানতে চান।
কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন অগ্রগতি তার কাছে তুলে ধরেন। তিনি সন্তোষ প্রকাশ করে প্রকল্পে কর্মরত সব পর্যায়ের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।
এ সময় তিনি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের বিদ্যুতের চাহিদা পূরণে যুগান্তকারী ভূমিকা রাখবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
প্রকল্প পরিদর্শনকালে অর্থ উপদেষ্টার সঙ্গে ছিলেন- মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন প্রমুখ।
জাহাঙ্গীর/রিফাত/