জয়পুরহাটে সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম (৫৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রিনাত ফেরদৌসী রিনিত।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম জেলার ক্ষেতলাল উপজেলার জালিয়াপাড়া (পূর্বপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী ২০১৭ সালের ২৯ আগস্ট বেলা সাড়ে ১১টায় ওই শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এসময় আসামী আব্দুর রহিম শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে যায়। পরে শিশুটি তার মায়ের কাছে সব খুলে বলে।
পরে শিশুটিকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা ২০ আগস্ট ২০১৭ সালে ক্ষেতলাল থানায় একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
সাগর/আমান