বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারা দেশে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫০৪ জনকে আটক করা হয়েছে। গত ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,দেশের চলমান পরিস্থিতিতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনে ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ওই যৌথ অভিযান চালায়।
এসব যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৫০৪ জন অপরাধীকে হাতেনাতে আটক করা হয়। অভিযানকালে আটকদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পরে আটকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এলাকার থানায় তাদের হস্তান্তর করা হয়।
আইএসপিআর জানিয়েছে, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান চালিয়ে যাচ্ছে। যে কোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ দেখলে তা নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ করেছে আইএসপিআর।
আলমগীর হোসেন/এসএন