শিশু গৃহকর্মীকে নির্যাতনের এক মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান এবং তার স্ত্রী বীথিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার অন্য দুইজনও ওই বাসার গৃহকর্মী।
কারাগারে আটক রাখার আবেদন করে সোমবার তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রোমের মিয়া।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান খবরের কাগজকে বলেন, শিশু গৃহকর্মী নির্যাতনের একটি মামলায় রবিবার রাতে অভিযুক্ত সাফিকুর রহমান এবং তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ বলেন, ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎসভাবে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটা মামলা হয়েছে। সেই মামলায় রবিবার রাত সাড়ে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
শেখ জাহাঙ্গীর/সুমন/