নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরণের অস্ত্রই থ্রেট বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি' সম্পর্কে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, যেকোনো অস্ত্রই থ্রেট। দেশে বিভিন্নভাবে অস্ত্র প্রবেশ করে, এই অবৈধ অনুপ্রবেশ মোকাবিলা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইজিপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করার লক্ষ্যে বৈধ অস্ত্রের বিষয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এর প্রেক্ষিতে বৈধ ২৭ হাজার ৯৯৫টি অস্ত্র জমা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে যেন ভোট গ্রহণ হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার নির্বাচনে এক লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
নিরাপত্তা ব্যবস্থা তিন ধরনের হবে উল্লেখ করে আইজিপি বলেন, এবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ৯০ ভাগ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। এছাড়াও পুলিশ সুপাররা ড্রোন ব্যবহার করবেন।
শেখ জাহাঙ্গীর/নাঈম