মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে নিয়ন আলোর উদ্ভাসে শহিদ বেদীতে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর একে একে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহিদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আ. মান্নান, জেলা পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমানসহ জেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি।
সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, “বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাত ১২টা এক মিনিটে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মানুষ শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন, এটাই ভাষার চেতনা। এটাই আমাদের জাতীয়তাবোধের প্রতিফলন। এই সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য জনসাধারণকে ধন্যবাদ।”
১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ জাতিকে আজও অনুপ্রাণিত করে।
তারেকুর রহমান/নাঈম