থানা-পুলিশকে ‘ম্যানেজ’ করেই গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ‘মাটিখেকোরা আগে থেকেই পুলিশকে সময় জানিয়ে দেয় কখন মাটি কাটবে। এসিল্যান্ড বা ইউএনও ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুলিশ তাদের সতর্ক করে দেয়, ফলে স্পটে কাউকে পাওয়া যায় না। এক-দুই লাখ টাকা জরিমানাকেও তারা বিনিয়োগ হিসেবে ধরে নেয়।’
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
তিনি দাবি করেন, “সমঝোতার ভিত্তিতেই গোমতী নদী থেকে মাটি কাটা হচ্ছে এবং এতে থানার কিছু সদস্য জড়িত। অভিযানে যাওয়ার আগেই থানা থেকে তথ্য ফাঁস হয়ে যায়। এতে ‘চোর-পুলিশ খেলা’ চলছে। গতকাল রাতে আমি গোমতীর বিভিন্ন স্পট পরিদর্শন করেছি, তখন কেউ সাহস করেনি মাটি কাটতে।”
প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেবিদ্বার অংশে পাঁচটি স্পটের একটিতেও যেন আর এক কোদাল মাটি কাটা না হয়। অন্যথায় আমি ধরে নেব আপনারা প্রশ্রয় দিচ্ছেন। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সভায় দেবিদ্বার থানার ওসির সামনেই কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে ওসির উদ্দেশে তিনি বলেন, “আপনি আন্তরিক হলেও আপনার কিছু কর্মকর্তা ‘ফুললি করাপ্টেড’। সেকেন্ড অফিসার মতিন ও এসআই ভবতোষ টাকা ছাড়া এক কদম পা ফেলে না। আমি প্রমাণ নিয়ে বলছি। এ বিষয়ে আপনি পদক্ষেপ নেবেন। আপনি আপনার অফিসারদের নিয়ে বসেন, না হয় খুব জনরোষের শিকার হবেন আপনি। আপনার অফিসার যারা আছেন, বিশেষ করে আপনার সেকেন্ড অফিসার মতিন পুরো করাপ্টেড একটা মানুষ। আমার কাছে যথেষ্ট প্রুভ (প্রমাণ) আছে। আরেকজন আছে এসআই ভবতোষ, টাকা ছাড়া এক কদম পা ফেলে না। দেবিদ্বারে এ রকম কার্যক্রম কোনোভাবেই হতে পারে না।”
থানায় ‘হেলাল’ নামের এক ব্যক্তির মাধ্যমে দালাল ও মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ তুলে এমপি হাসনাত ওসির উদ্দেশে বলেন, ‘থানা আপনি চালান না, থানা চালায় হেলাল। থানাকে হেলালগং মুক্ত করতে হবে, থানাকে দালালমুক্ত করতে হবে এবং ভুক্তভোগীরা যেন সরাসরি ওসির সঙ্গে কথা বলতে পারে সে ব্যবস্থা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি অফিসারদের নিয়ে বসুন, এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবেন।’
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দেবিদ্বার নিউ মার্কেট এলাকার ভাসমান ব্যবসায়ীদের স্থানান্তর করে পুরাতন বাজার ও জেলা পরিষদ মার্কেটে নিয়ে যাবার নির্দেশও দেন এমপি হাসনাত আবদুল্লাহ, যাতে সড়কের যানজট কমানো যায়।
জহির/এসজি/