রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- তিন পার্বত্য জেলা পরিষদের সদস্য সংখ্যা না বাড়িয়ে বিদ্যমান কাঠামোতেই আপাতত বহাল রাখার ঘোষণা দিয়েছেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। বলেন, 'আপাতত যেটা রয়েছে -ওটা দিয়েই আমাদের শুরু করতে হবে। এটা পরবর্তীতে সরকারের সাথে বসে আলোচনা করে নির্ধারণ করব। আমরা পুরোপুরি অবস্থায় ফিরে যাবো না কি? বর্তমানে যা আছে সেটাই স্থিতিশীল থাকবে'।
রবিবার (১ মার্চ) রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পার্বত্য মন্ত্রী।
এর আগে মতবিনিময় সভায় সরকার ঘোষিত ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নে সরকারি কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, 'শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনীতিসহ সব খাতকে সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তবেই পার্বত্য অঞ্চল এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে'।
পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও নীতিমালার আলোকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। শান্তির পূর্বশর্ত হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। পাহাড়ে উন্নয়ন করতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে। এজন্য তিনি সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, 'পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বিজু উৎসবে জাতীয় ছুটি দেওয়া উচিত। যেটা আপনারা ঈদ ও দূর্গাপুজায় উদ্যাপন করেন। আমি এটা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমি আশা করি এটা করতে পারব। জাতীয় ছুটি না হলে তো সবাই ছুটি পাবে না'।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কঙ্কণ চাকমা ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের নেয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও প্রস্তাবনা তুলে ধরেন।
পরে একই কক্ষে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করে রাঙামাটির উন্নয়নে কাজ করার পরামর্শ চান। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
জিয়াউর রহমান জুয়েল/এসএন