ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হামলা চালিয়ে হত্যার ঘটনাটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকার গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি একটি লক্ষ্যভিত্তিক হামলায় নিহত হয়েছেন। এ ঘটনা আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন। বাংলাদেশ সরকার ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে, সংঘাত কোনো সমাধান বয়ে আনে না। কেবল সংলাপ, পারস্পরিক সম্মান এবং আন্তর্জাতিক আইন মেনে চলার মাধ্যমেই বিরোধের সমাধান সম্ভব।
এর আগে গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছিল। সেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যু নিয়ে বাংলাদেশ কোনো বক্তব্য দেয়নি। ওই বিবৃতিতে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানানো হয়েছিল।
অন্যদিকে, ইরানে যে হামলা হয়েছে তা নিয়ে শুধু উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।
বিষয়টি নিয়ে নানা সমালোচনার পর সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন করে এই বিবৃতি দেয়।
অমিয়/