পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
রবিবার (৮ মার্চ) ঢাকা থেকে সড়ক পথ হয়ে বেলা ১১টার দিকে রূপপুর প্রকল্পে এসে পৌঁছালে মন্ত্রী ফকির মাহবুব আনামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রকল্প সংশ্লিষ্ট ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
মন্ত্রীকে স্বাগত জানান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান।
শুভেচ্ছা জানানোর পর পুলিশের একটি চৌকস দলের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এই প্রথম তিনি রূপপুর প্রকল্প পরিদর্শনে আসেন।
শুভেচ্ছা গ্রহণের পর মন্ত্রী প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রেহান আসিফ আযাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, তার ব্যক্তিগত সচিব মো. মোখলেছুর রহমান, সহকারী ব্যক্তিগত সচিব মো. শরিফুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রমুখ।
জাহাঙ্গীর হোসেন/এসএন