বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে পরিচালিত ভুয়া ফেসবুক পেইজ ও গ্রুপ নিয়ে সতর্কবার্তা জারি করেছে সংসদ সচিবালয়। এসব পেইজ ও গ্রুপ থেকে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ শনিবার সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ এর পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে Barrister Kayser Kamal Fan’s নামে একটি ফেসবুক গ্রুপসহ আরও কয়েকটি পেইজ ও গ্রুপে ডেপুটি স্পিকারের নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর পোস্ট প্রচার করা হচ্ছে। তবে এসব পেইজ বা গ্রুপের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছে সংসদ সচিবালয়।
এতে আরও বলা হয়, ডেপুটি স্পিকার কেবল তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেইজ ব্যবহার করেন। তার নামে পরিচালিত অন্য যেকোনো পেইজ বা গ্রুপ প্রতারণামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংসদ সচিবালয় জানিয়েছে, এসব ভুয়া পেইজ বা গ্রুপের কোনো কর্মকাণ্ডের দায়ভার ডেপুটি স্পিকার বা সংসদ সচিবালয় নেবে না। পাশাপাশি সাধারণ জনগণকে এসব পেইজের পোস্টে বিভ্রান্ত না হতে এবং সেখানে যুক্ত হওয়া বা কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এলিস/মাহফুজ