‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে দেশের সব জেলার ন্যায় ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি ‘জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬’ উদযাপন করবে।
আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও অসমর্থ বিচার প্রার্থীদের আইনি সহায়তা দিচ্ছে সরকার। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে।
দেশের আপামর জনসাধারণকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি, মহানগর লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিস সম্মিলিতভাবে নানা কর্মসূচির আয়োজন করেছে।
আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, লিগ্যাল এইড মেলা, আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
ঢাকা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, সকাল সাড়ে আটটার পরে ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম ও মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজে নেতৃত্বে সড়কে র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে।
র্যালি শেষে ঢাকার জেলা ও দায়রা জজ লিগ্যাল এইড মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন। সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ সোহেল স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটি, ঢাকার বিভিন্ন আদালতের বিচারক ও আদালতের কর্মচারীগণ, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, আইনজীবীরা, লিগ্যাল এইড প্যানেল, আইনজীবী, ক্লায়েন্ট, আইন আদালত নিয়ে কাজ করে এমন এনজিওসমূহ অংশগ্রহণ করবে।
দেশের সর্বস্তরের জনসাধারণকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৩ সালের ২৯ জানুয়ারি মন্ত্রিসভার এক বৈঠকে প্রথম বারের মতো সরকার ‘আইন সহায়তা প্রদান আইন, ২০০০ কার্যকরের দিন ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করে। এর পর থেকে বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং দেশের প্রতিটি জেলার অধস্তন আদালত প্রতি বছর দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে।
জলিল উজ্জ্বল/নাঈম