আসন্ন পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ছুটির বাকি দিনগুলোতে নির্ধারিত হেডওয়ে মেনে নিয়মিত ট্রেন চলাচল করবে।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. ল. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটির দিনগুলোতে যাত্রী সাধারণের যাতায়াতের সুবিধার্থে নতুন এই সময়সূচি কার্যকর হবে। তবে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
ট্রেন চলাচলের সময়সূচি ও হেডওয়ে
ছুটির দিনগুলোতে সকাল ও রাতে ট্রেন চলাচলের বিশেষ সূচি নির্ধারণ করা হয়েছে। উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট পর পর এবং সকাল ৭টা ১১ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন চলবে। এরপর সকাল ১০টা ২৫ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত ১২ মিনিট এবং রাত ৯টা ০১ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট হেডওয়েতে ট্রেন চলাচল করবে।
মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে উত্তরা উত্তরের উদ্দেশে ছেড়ে যাবে। সকাল ৭টা ১৫ মিনিট থেকে ১১টা ০৩ মিনিট পর্যন্ত ১৫ মিনিট এবং সকাল ১১টা ০৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১২ মিনিট পর পর ট্রেন চলবে। এছাড়া রাত ৯টা ৪১ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত ১৫ মিনিট পর পর শেষ দিকের ট্রেনগুলো স্টেশন ছেড়ে যাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের ছুটির দিনগুলোতে গড়ে ১২ থেকে সর্বোচ্চ ২০ মিনিট হেডওয়েতে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ট্রেন চলবে। এই সময়ে প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালিত হবে এবং মোট ৭টি ট্রেন সেট প্রস্তুত থাকবে। তবে যাত্রীদের চাপের ওপর ভিত্তি করে ট্রিপ সংখ্যা হ্রাস-বৃদ্ধি করা হতে পারে।
টিকিট বিক্রি ও পাস টপ-আপের নিয়মাবলি
স্টেশনে টিকিট সংগ্রহ ও পাস রিচার্জের ক্ষেত্রেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা এবং এমআরটি/র্যাপিড পাস টপ-আপ করা যাবে। রাত ৯টা ২০ মিনিটের পর স্টেশনের সব টিকিট কাউন্টার এবং অটোমেটিক ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে।
শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে দুপুর ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ০৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট ও র্যাপিড পাস কেনা এবং টপ-আপ করা যাবে।
এই সময়সূচি অনুযায়ী মেট্রোরেলের সব স্টেশন থেকেই নতুন র্যাপিড পাস সংগ্রহ করা যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জয়ন্ত সাহা/সালমান/