মেট্রো ট্রেনের কামরা প্রায় ফাঁকা, বসার জায়গারও কোনো অভাব নেই- তবুও একটিমাত্র আসন ঘিরেই এমন কাণ্ড, যা দেখে অবাক নেটদুনিয়া! কথার লড়াই শুরু হয়ে মুহূর্তের মধ্যেই তা গড়ায় চুলাচুলিতে। সম্প্রতি এমনই এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
‘মাস্টশেয়ারনিউজ’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া ভিডিওতে দেখা যায়, এক তরুণী মেট্রোয় সিটে বসে রয়েছেন। হঠাৎই তার সঙ্গে এক ষাটোর্ধ্ব নারীর কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, ওই নারী তরুণীর চুলের মুঠি ধরে টেনে আসন থেকে নামিয়ে দেন! তরুণীও চুপ করে থাকার পাত্রী নন- পাল্টা প্রতিরোধ শুরু হয় সেখানেই।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ৩২ বছর বয়সি তরুণী জেং মেট্রোয় উঠে ফাঁকা আসন দেখে বসে পড়েন। কিন্তু সমস্যা হলো, সেই আসনটিতে নজর ছিল ৬৬ বছর বয়সি ইউ-এর। তার দাবি, তিনি আগে থেকেই আসনটি লক্ষ্য করেছিলেন, কিন্তু তার আগেই জেং সেখানে বসে পড়েন।
এরপর শুরু হয় ‘সিট কূটনীতি’। ইউ তরুণীকে আসন ছাড়ার অনুরোধ করেন। কিন্তু জেং নিজের জায়গা ছাড়তে নারাজ। এখানেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বয়স্কদের প্রতি সম্মান দেখানো উচিত- এই যুক্তি তুলে ইউ হঠাৎই চুল ধরে টানাটানি শুরু করেন। আর তারপর যা হওয়ার তাই, মেট্রোর শান্ত পরিবেশ মুহূর্তে রূপ নেয় ‘লাইভ অ্যাকশন’ দৃশ্যে।
অন্য যাত্রীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিস্থিতি সামলানোর বদলে কেউ কেউ মোবাইলে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েন, কারণ সোশ্যাল মিডিয়া কনটেন্টও তো জরুরি!
ঘটনাটি চিনের সাংহাই শহরের। শেষে পুলিশ এসে দুই যাত্রীকেই হেফাজতে নেয় বলে জানা গেছে।
অমিয়/