ভারতের উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক ঘিরে সম্প্রতি ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বন্যপ্রাণীপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। বন টহলের কাজে ব্যবহৃত দুটি প্রশিক্ষিত মাদী হাতি হঠাৎ করেই শিবির ছেড়ে নিখোঁজ হয়ে যায়। বন কর্মকর্তাদের ধারণা, তারা সম্ভবত একটি বন্য হাতির পালের সঙ্গে চলে গেছে।
নিখোঁজ হাতি দুটির নাম কপিলা ও তুঙ্গা। তারা দুজনই বন বিভাগের প্রশিক্ষিত ‘কুমকি’ হাতি, যাদের বনভূমিতে টহল, উদ্ধার অভিযান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং বিভিন্ন জরুরি কাজে ব্যবহার করা হয়। কয়েক বছর ধরেই তারা করবেট অঞ্চলের নিরাপত্তা ও টহল কার্যক্রমের অংশ ছিল।
বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েক দিন আগে রাতে শিবির থেকে নিখোঁজ হয়ে যায় কপিলা ও তুঙ্গা। এরপর থেকেই তাদের খোঁজে শুরু হয় ব্যাপক অনুসন্ধান অভিযান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সময় এলাকায় বিচরণরত একটি বন্য হাতির পালের সঙ্গে তারা চলে যায়।
ঘটনাটিকে ঘিরে নানা রসিকতা ছড়িয়ে পড়লেও বন কর্মকর্তারা বলছেন, বিষয়টি অস্বাভাবিক হলেও একেবারে নজিরবিহীন নয়। অতীতেও এমন ঘটনা ঘটেছে, যেখানে প্রশিক্ষিত মাদী হাতিরা বন্য হাতির পালের সঙ্গে মিশে কয়েক দিনের জন্য শিবির ছেড়ে চলে গিয়েছিল। পরে তারা আবার ফিরে এসেছিল নিজেদের পরিচিত এলাকায়।
কিছু প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি হাতিদের প্রজনন মৌসুমের সঙ্গে সম্পর্কিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, হাতি অত্যন্ত সামাজিক প্রাণী। বন্য পালের সঙ্গে যোগাযোগ, সঙ্গী নির্বাচন কিংবা স্বাভাবিক সামাজিক আচরণের টানেও কখনও কখনও প্রশিক্ষিত হাতি শিবির ছেড়ে যেতে পারে।
তবে স্বস্তির খবর হলো, কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে যে অনুসন্ধানের পর কপিলা ও তুঙ্গাকে নিরাপদ অবস্থায় খুঁজে পাওয়া গেছে। যদিও বন বিভাগ আনুষ্ঠানিকভাবে পুরো ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেয়নি, তবু কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। কেউ মজা করে লিখেছেন, ‘হাতিরাও নিজের পছন্দের জীবন বেছে নেয়!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘প্রেম আর স্বাধীনতার টান শুধু মানুষের নয়, প্রাণীদের মধ্যেও আছে।’
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা অবশ্য মনে করিয়ে দিচ্ছেন, মানুষের ভাষায় ‘পরকীয়া’ বা ‘পালিয়ে যাওয়া’ বললেও প্রাণীদের আচরণকে মানবিক সম্পর্কের মানদণ্ডে বিচার করা ঠিক নয়। এটি মূলত তাদের স্বাভাবিক সামাজিক ও প্রজনন-সংক্রান্ত আচরণেরই অংশ। সূত্র: নিউজ১৮
অমিয়/