বাংলাদেশে হাম প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন এক মাইলফলক তৈরি হলো। দেশের প্রথম কোনো চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘হাম চিকিৎসা নির্দেশিকা’ প্রকাশ করেছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রমাণভিত্তিক (Evidence-based) এই নির্দেশিকার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশের কোনো হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠানে রোগভিত্তিক এমন কাঠামোবদ্ধ ক্লিনিক্যাল গাইডলাইন এটাই প্রথম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে. এম. মজিবুল হক।
অনুষ্ঠানে হাসপাতাল-সংক্রান্ত একটি উপস্থাপনা প্রদান করেন হলি ফ্যামিলির কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা হক। পরবর্তীতে নির্দেশিকার মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়েম মোহাম্মদ। নির্দেশিকাটির প্রধান সম্পাদক হিসেবে যৌথভাবে কাজ করেছেন ডা. ফারহানা হক ও ডা. সায়েম মোহাম্মদ।
ভুল চিকিৎসায় মৃত্যু ঠেকাতে কঠোর সতর্কবার্তা
১৪টি ক্লিনিক্যাল মডিউল নিয়ে প্রণীত ৫০ পৃষ্ঠার এই নির্দেশিকায় হামের সুনির্দিষ্ট নির্ণয় ও চিকিৎসার পাশাপাশি কয়েকটি জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে।
গাইডলাইনে বলা হয়েছে-
হামজনিত নিউমোনিয়ায় কোনোভাবেই কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা যাবে না।
চোখের জটিলতায় স্টেরয়েড ড্রপ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
গুরুতর পানিশূন্যতায় শুধুমাত্র ডেক্সট্রোজ স্যালাইন ব্যবহার করা যাবে না।
গাইডলাইন সংশ্লিষ্টরা জানান, অতীতে এ ধরনের ভুল চিকিৎসার কারণে বহু রোগীর জীবনহানি ঘটেছে। নতুন এই নির্দেশিকা প্রতিষ্ঠানের অভ্যন্তরে চিকিৎসা পদ্ধতিকে আরও মানসম্মত ও সমন্বিত করবে।
হলি ফ্যামিলি কর্তৃপক্ষ এবং গাইডলাইনের সম্পাদকরা এই নির্দেশিকাকে জাতীয় হাম চিকিৎসা প্রোটোকল হিসেবে গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হাসপাতাল স্বীকৃতি (Accreditation) প্রক্রিয়ায় আইসোলেশন কক্ষ ও সংক্রমণ নিয়ন্ত্রণের মানদণ্ড বাধ্যতামূলক করার সুপারিশও করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই উদ্যোগকে জাতীয় স্বাস্থ্যখাতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। তিনি হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের আবাসন, হোস্টেল এবং অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, হলি ফ্যামিলি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শাহীন রহমান চৌধুরী এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসা।
জয়ন্ত সাহা/রিফাত/