জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করব। মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনব।’’
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শ্রীপুরে উপজেলায় শহিদদের স্মরণে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এসময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘‘আমাদের লড়াই শেষ হয় নাই। আমাদের একটি নতুন বাংলাদেশ গড়ার লড়াই চলমান আছে। আজকেও দেখেছেন গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে মহড়া দেয়ার চেষ্টা করছে। ভয় দেখিয়ে নাগরিক পার্টি জাতীয় গণ-অভ্যুত্থানের শক্তিকে তারা রুখে দিবে। গোপালগঞ্জেও আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা গাজীপুরের মাটিতেও এসেছি। বাংলাদেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি, যাব। আমরা ঘোষণা করেছি, বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করব। মুজিববাদীদের আমরা বিচারের আওতায় আনব।’’
জাতীয় নাগরিক পার্টির সঙ্গে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণ-অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সঙ্গে থাকবেন, তাদের জন্য দোয়া করেন।
এদিকে, দুপুর ২টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় পথসভায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতাকর্মীরা। পরে গাজীপুর সদর রাজবাড়ী মাঠের পাশে একটি পথসভা করেন তারা। পথসভায় গাজীপুর মহানগর ও জেলার নাগরিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শিল্প নগরী গাজীপুরকে সিটি করপোরেশন করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুরের প্রতিটি সেক্টরে দুর্নীতি করেছে। বিশেষ করে শিল্পায়নের নামে প্রচুর জমি দখল করা হয়। সাধারণ মানুষের জমি দখল করা হয়েছে। মেয়র জাহাঙ্গীর আলম ছিল এর অন্যতম কারিগর। জাতীয় নাগরিক পার্টি চায় এসব সাধারণ মানুষের জমি উদ্ধার করে ফিরে দিতে।
সভার শুরুতেই বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, হাসিনা দেশের সেনাবাহিনীকে রাজমিস্ত্রীতে রূপান্তরিত করেছিল। বাংলাদেশকে দিন দিন অবনতির দিকে নিয়ে যাচ্ছিল। বাংলাদেশের প্রতিরক্ষা বলতে কিছুই নেই। মুখ দিয়ে যুদ্ধ হয় না।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দেশকে রক্ষা করার জন্য ক্ষেপণাস্ত্র নাই। আমরা আত্মসমর্পণ করতে চাই না। তবে, আমরা শান্তি চাই। জাতীয় নাগরিক পার্টি ভবিষ্যতে যদি সুযোগ পায়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থায় অবশ্যই সমৃদ্ধি ঘটাবে।
এসময় স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ নাহিদ ইসলাম ও সারজিস আলমকে এক নজর দেখতে ভিড় করেন। এরপর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীরা নরসিংদীর উদ্দেশে রওনা দেন।
পলাশ প্রধান/মাহফুজ