তিন দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নেওয়া কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
পোস্টাল ব্যালটে অনিয়ম, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তার এবং নির্বাচন কমিশনের (ইসি) বিতর্কিত সিদ্ধান্ত- এই তিন অভিযোগে অবস্থান কর্মসূচি শুরু করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ইসির আশ্বাসে তারা এই কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে নির্বাচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি জানান, ইসি তাদের উত্থাপিত তিনটি দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। রাকিব বলেন, ‘আমরা ইসির পক্ষ থেকে আশ্বস্ত হয়েছি।
কমিশন আমাদের অনুরোধ করেছে আজকের মতো কর্মসূচি স্থগিত করতে। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সাময়িকভাবে কর্মসূচি সমাপ্ত করছি।’
তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো রাজনৈতিক গোষ্ঠী বা ছাত্র সংগঠন যদি নির্বাচন বানচালের চেষ্টা করে বা ইসির ওপর চাপ সৃষ্টি করে, তাহলে ছাত্রদল কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
তিনি আরও জানান, আগামী ২২ জানুয়ারি থেকে ছাত্রদল আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করবে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। তিনি সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুর্নীতির বিচার দাবি করে বলেন, ‘আসিফ মাহমুদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির বিষয়টি ওপেন সিক্রেট। এই দুর্নীতির বিচার বাংলার মাটিতেই হবে।’
তিনি পোস্টাল ব্যালট ইস্যুতে ইসিকে প্রশ্ন করে বলেন, ‘নতুন বাংলাদেশের স্বপ্নে জামায়াত-শিবিরকে ক্ষমতায় আনার কোনো অপচেষ্টা আমরা মেনে নেব না।’
ইসি সূত্র জানায়, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে আলোচনার পর কর্মসূচি স্থগিত করে ছাত্রদল। ইসি পক্ষ থেকে পোস্টাল ব্যালটের নকশা পরিবর্তন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের আশ্বাস দেওয়া হয়েছে।
কর্মসূচি শেষে ছাত্রদল নেতাকর্মীরা নির্বাচন ভবনের সামনের রাস্তা পরিষ্কার করেন। ছাত্রদল নেতারা জানান, ভবিষ্যতে কোনো পক্ষ মব সৃষ্টি করে ইসির ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করলে পুনরায় বড় কর্মসূচি ঘোষণা করা হবে।
এলিস/সুমন/