বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলা নিয়ে বর্তমান সরকারের যে ঢিলেঢালা অবস্থা আমরা দেখছি, তা সত্যিই দুঃখজনক। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় বরং প্রতিদিনই তার অবনতি হচ্ছে। আগামী নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনারের উচিত দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।’
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শরীয়তপুরের জাজিরায় জেলা পরিষদ অডিটোরিয়ামে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনের কার্যক্রমের প্রতি সংশয় প্রকাশ করে রিজভী বলেন, ‘আজ নানা কারণে নির্বাচন কমিশনারের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠছে। এ দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। এখন মানুষ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। এই নিশ্চয়তা নির্বাচন কমিশনারকে দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন সামগ্রিকভাবে সবকিছু সামাল দিতে পারছে না বলে আমার কাছে মনে হচ্ছে। নির্বাচন কমিশন যদি কোনো দিকে হেলে পড়ে, তাহলে পুরোনো দিনের আশঙ্কাই ফিরে আসবে। বিগত দিনে জনগণের যেভাবে ভোটাধিকার হরণ করা হয়েছে, তা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে দিতে হবে।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের জবাবদিহির অভাবে দেড় বছরেও দেশে বিভিন্ন ধরনের সংকট দেখা যাচ্ছে। মানুষের কর্মসংস্থান হচ্ছে না, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। দেশে যদি কোনো নির্বাচিত সরকার থাকত, তাহলে তাদের ব্যর্থতার জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকত। আর এই জবাবদিহির কারণে নির্বাচিত সরকার সঠিকভাবে কাজ করত। তাই এই মুহূর্তে আমাদের একটাই লক্ষ্য আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার গঠন করা।’
গতকাল দুপুর ১২টায় জাজিরা ও দুপুর ১টায় শরীয়তপুর পৌরসভায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন রিজভী। এ সময় শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক পাঁচ হাজার মানুষকে চিকিৎসাসেবা দেন। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালু, শরীয়তপুর-১ আসনের বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ আসলাম, মাদারীপুর-২ আসনের প্রার্থী জাহান্দার আলী জাহান প্রমুখ।