বৈশাখের প্রচণ্ড তাপদাহে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। গরমে অতিষ্ঠ হয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছে। হিট স্ট্রোকসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। এ সময় স্কুলগামী শিশুদের ব্যাপারে বাবা-মার তাই বাড়তি যত্ন নেওয়া খুব প্রয়োজন। এই ভ্যাপসা গরমে শিশুরা রোদের তাপে অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। ঠাণ্ডা-কাশি, ডায়রিয়া ও মাথাঘোরাসহ অন্যান্য রোগে আক্রান্ত হতে পারে। তাই শিশুদের স্কুলে যাওয়ার সময় অবশ্যই ব্যাগে ছাতা ও পানির বোতল দিয়ে দিতে হবে। এ সময় তাদের নরম সুতির ঢিলেঢালা পোশাক পরিধান করতে উৎসাহী করতে হবে। প্রতিদিনের স্বাভাবিক খাদ্য তালিকায় শাকসবজিসহ ভিটামিন ‘সি’যুক্ত ফল বাধ্যতামূলক রাখা উচিত। রোগ প্রতিরোধে সহায়ক খাবার শিশুদের নিয়মিত খাওয়াতে হবে। শিশুদের এ সময় ঘরে ছায়াযুক্ত স্থানে রাখার চেষ্টা করতে হবে। রোদে অযথা ছোটাছুটি করে যেন শরীর না ঘামায় সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, উন্নত বিকাশের জন্য শিশুর সুস্থতা খুব গুরুত্বপূর্ণ। হাসিখুশি ও আনন্দময় পারিবারিক বন্ধনে শিশুর সুস্থতা অপরিহার্য। তাই এ গরমে শিশুর প্রতি অভিভাবকদের বিশেষ খেয়াল রাখা ও বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।
হারুন অর রশীদ
পূর্ব নলছিয়া, বিনোদটঙ্গী, মাদারগঞ্জ, জামালপুর
[email protected]