উমরা একটি ধর্মীয় পবিত্র সফর। সঠিকভাবে উমরা পালনের জন্য দলবদ্ধভাবে অভিজ্ঞ আলেম-মুয়াল্লিমের তত্ত্বাবধানে গমন করা উচিত। একাকী গেলে অনেক অসুবিধায় পড়তে হয়। তবে পূর্বের অভিজ্ঞতা থাকলে, মাসয়ালা-মাসায়েলসহ সব বিধান সম্পর্কে জ্ঞান থাকলে একাকী যাওয়া যেতে পারে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হজ ব্যবস্থাপনাকে সুন্দর ও সহজ করার বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করার কারণে উমরাযাত্রীরাও বেশ কিছু সুফল উপভোগ করেন।
বাংলাদেশ থেকে সারা বছর অনেক ধর্মপ্রাণ মুসলমান উমরা পালনে যান। তাদের উদ্দেশে আমার আহ্বান থাকবে, ভালো-সৎ এজেন্সি নির্বাচন করুন, অভিজ্ঞ পরহেজগার মুয়াল্লিমের তত্ত্বাবধান গ্রহণ করুন। সব ধরনের চটকদার প্রচারণা এড়িয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে উমরা পালন করুন।
বাংলাদেশ, সৌদি আরব এবং ট্রানজিট যাত্রাকালে প্রত্যেক দেশের বিমানবন্দরের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন এবং বিমান কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলুন। মক্কা ও মদিনায় অবস্থানকালে অথবা জেদ্দা, রিয়াদ বা তায়েফে ভ্রমণকালে সৌদি আরবের আইনকানুন মেনে চলুন। আইনপরিপন্থি কেনাকাটা ও জিনিসপত্র বহনে জড়িত হয়ে পবিত্র সফরের পবিত্রতাকে নষ্ট করবেন না। মনে রাখতে হবে, আপনি যখন উমরা পালনের উদ্দেশে সৌদি আরবে যাচ্ছেন বা অবস্থান করছেন, তখন আপনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেখানে অবস্থান করছেন। সুতরাং পবিত্র সফরে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে সচেষ্ট থাকুন।
এজেন্সি মালিক ও মুয়াল্লিমদের উদ্দেশে আমার আহ্বান, অনেক অশিক্ষিত, কৃষক ও অবুঝ মানুষও উমরা পালনে যান। তারা অনেক কিছুই বোঝেন না বা জানেন না। উমরা সফরের সব বিধান-পদ্ধতি এবং বিমানসহ সার্বিক সফরের সব নিয়মকানুন ভালোভাবে জানিয়ে প্রশিক্ষণ প্রদান করে উমরা সফরের যাত্রা শুরু করানোর ব্যবস্থা করুন।
লেখক: প্রতিমন্ত্রী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার