বেঁচে থাকার জন্য প্রতিদিন বেশ কয়েকবার আমাদের খাবার খেতে হয়। খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করা ও তার নেয়ামতের শোকর আদায় করা কর্তব্য। খাবার খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করলে খাবারে যেমন বরকত হবে, তেমনি খাবার গ্রহণটা ইবাদতের অন্তর্ভুক্ত হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘একজন মুসলিম তার সব কিছুতে সওয়াবের অধিকারী হয়, এমনকি তার মুখে খাবারের যে লোকমা আহরণ করে থাকে তাতেও সে সওয়াব পায়। (মুসনাদে আহমদ, হাদিস: ১৫৩১)
খাবার গ্রহণের আগে দোয়া পাঠ করা সুন্নত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে খাবারে বিসমিল্লাহ পড়া হয় না, সে খাবারে শয়তানের অংশ থাকে। সেই খাবার মানুষের সঙ্গে শয়তানও ভক্ষণ করে।’ (মুসলিম, হাদিস: ৫৩৭৬)
খাবার সামনে এলে যে দোয়া পড়বেন
আমর ইবনুল আস (রা.) বলেন, ‘খাবার সামনে এলে রাসুলুল্লাহ (সা.) এই দোয়া পাঠ করতে বলেন—
اللَّهُمَّ بارِكْ لَنا فِيما رَزَقْتَنا، وَقِنا عَذَابَ النَّارِ
বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা বারিকলানা ফিমা রাজাকতানা, ওয়াকিনা আজাবান্নার।’
বাংলা অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের যে জীবিকা দান করেছেন, তাতে বরকত দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে বাঁচান। (আল-আজকারুন নাবুওয়াহ, হাদিস: ৫৫৬)
খাওয়ার শুরুতে পড়ার দোয়া
بسم الله وعلى بركةالله
বাংলা উচ্চারণ: ‘বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ।’
বাংলা অর্থ: আল্লাহর নামে তাঁর বরকতের প্রত্যাশায় শুরু করলাম।
লেখক: আলেম, সাংবাদিক ও গবেষক