আমাদের চারপাশে এমন অনেক গল্প আছে—অমুককে জিন আসর করেছে বা অমুকের ওপর বদনজর পড়েছে অথবা সে জাদুর শিকার হয়েছে। এমনও শোনা যায়, স্বামীকে বউ তাবিজ করে আলাদা সংসার পেতেছে। সন্তান জাদুর কবলে পড়ে মাকে ভুলে গেছে। জাদু কিংবা তাবিজের ফলে অনেকের সংসার ভাঙার গল্পও চাউর আছে সমাজে। কেউ আবার খুনের শিকারও হয়েছেন এই তাবিজ, জাদু বা বদনজরের প্রভাবে। মানুষমাত্রই এগুলো থেকে বাঁচতে চায়। ইসলামে জিন, জাদু ও বদনজর থেকে বাঁচতে রয়েছে চিকিৎসা (রুকইয়াহ)। যারা এগুলো থেকে বাঁচতে চান, কোরআনি চিকিৎসা নিতে চান, তাদের জন্য এক হীরকখণ্ড হলো শাইখ ওয়াহিদ ইবনু আব্দিস সালাম বালি রচিত জিন, জাদু ও বদনজরের চিকিৎসা বইটি।
আমরা যা দেখি, এটা পৃথিবীর দৃশ্যমান জগৎ। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ, প্রাণিকুল ও উদ্ভিদরাজি। আরেকটা জগৎ রয়েছে, যা আমাদের চোখে পড়ে না। সেই অদৃশ্য জগৎটাই জিনদের জগৎ। জিনদেরও রয়েছে সমাজজীবন, ধর্ম-সংস্কৃতি ও শ্রেণিবিভেদ। কিছু জিন আছে শান্তশিষ্ট, কিছু আবার মারাত্মক দুষ্ট। জাদুকরেরা এই দুষ্ট জিনদের নিয়ন্ত্রণ করে এদের শক্তি কাজে লাগিয়ে জাদুটোনা করে। জাদু যে কুফরি, এতে কোনো সন্দেহ নেই।
দুষ্ট জিনের কুপ্রভাব, জাদুটোনা ও বদনজরের বিষক্রিয়া মানুষের স্বাভাবিক জীবনযাপনকে বিপর্যস্ত করে তোলে। অনেক সময় এগুলো ভয়ানক সমস্যা হয়ে দেখা দেয়। তবে সমস্যা যত ভয়ানক হোক না কেন, কোরআনুল কারিমে রয়েছে এর সমাধান ও সুচিকিৎসা। এ বইয়ে জিন, জাদুটোনা, বদনজর ইত্যকার সমস্যাবলি নিয়ে আলোচনা করা হয়েছে। বাতলে দেওয়া হয়েছে কোরআনি চিকিৎসা ও সমাধান। যাদের জীবন এসব সমস্যায় জর্জরিত, এ বইটি তাদের জন্য গাইডলাইন।
জিন, জাদুর সমস্যা অস্বীকারের কোনো সুযোগ নেই। প্রচলিত চিকিৎসাব্যবস্থায় যেহেতু এগুলোর কোনো সমাধান নেই, তাই একশ্রেণির জাদুকর এবং ভণ্ড কবিরাজ একে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেছে। চিকিৎসার নামে এরা মানুষকে জিম্মি করে ইচ্ছেমতো অর্থ-কড়ি আদায় করছে। শুধু টাকাপয়সাই নিচ্ছে না, কুফরি ও শিরকি পদ্ধতিতে চিকিৎসা করে রোগীদের অনেকের ইবাদত, আমল; এমনকি ঈমান ও আকিদা পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। সঙ্গত কারণেই এ বিষয়ে মুসলমানদের সঠিক জ্ঞানার্জন করা একান্ত আবশ্যক। যেন মানুষ জিন, জাদু, বদনজর, হিংসা ইত্যাদি সমস্যার জন্য শিরকি-কুফরি চিকিৎসা-পদ্ধতির আশ্রয় না নিয়ে বৈধ পন্থায় সুন্নাহসম্মত চিকিৎসা নিতে পারে। যারা এ সম্পর্কে সঠিক জ্ঞানার্জন করতে চান, সুন্নাহসম্মত চিকিৎসা নিতে চান, তাদের জন্য পাথেয় হিসেবে কাজ করবে এ বই।
বইটিতে শাইখ ওয়াহিদ জিন-শয়তান ও জাদুর অস্তিত্বের প্রমাণ, জাদুর পরিচিতি, জাদু করার পদ্ধতি, জাদুর প্রকারভেদ, জাদুর বিভিন্ন প্রকারের মধ্যকার পার্থক্য এবং জাদুর চিকিৎসা নিয়ে বিস্তারিত ও প্রামাণ্য আলোচনা করেছেন। বইটির শুরুতে জিন, শয়তানের অস্তিত্বের প্রমাণাদি আনলেও জিনের আসরের চিকিৎসা নিয়ে তিনি কোনো আলোচনা করেননি। কেননা, এ গ্রন্থটির মূল আলোচ্য বিষয় হলো জাদু, বদনজর ও তার প্রতিকার। এখানে জিন ও শয়তানের আলোচনা এসেছে মূলত জাদুর সাথে সংশ্লিষ্ট বিষয় হওয়ার কারণে। পাশাপাশি জাদু, হিংসা ও বদনজরের প্রতিক্রিয়া যারা অস্বীকার করে, তাদের বক্তব্যকে তিনি কোরআন-সুন্নাহর অকাট্য দলিল ও বিভিন্ন যুক্তি দিয়ে খণ্ডন করেছেন।
পুরো গ্রন্থে তিনি দলিল হিসেবে প্রচুর নুসুস এনেছেন, যা বিশ্বাসী যেকোনো মুসলিমকে পরিতৃপ্ত ও আশ্বস্ত করবে। তিনি এ গ্রন্থে জাদুর পরিচিতি, জাদুকরদের কর্মপদ্ধতি, জাদুবিদ্যা শেখার বিধান, জাদুকরদের বিধান, জাদুর প্রকারভেদ ও জাদুর চিকিৎসার আলোচনাই সবচেয়ে বেশি করেছেন। জাদুর চিকিৎসার জন্য শারয়ি রুকইয়া বা আয়াত ও দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করার পদ্ধতি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এর পাশাপাশি গ্রন্থটির শেষের দিকে তিনি বদনজরের প্রামাণ্যতা, বদনজরের বাস্তবতা, হিংসা ও বদনজরের চিকিৎসা নিয়েও সবিস্তার আলোচনা করেছেন।
বইটি অনুবাদ ও সম্পাদনা করেছেন মুফতি তারেকুজ্জামান। প্রকাশ করেছেন সমকালীন প্রকাশন। ২৯৪ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৪৩০ টাকা। রকমারি.কম, ওয়াফিলাইফ.কম, ইসলামিবই.কমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও বইটি পাওয়া যাবে। সরাসরি সমকালীন প্রকাশন থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেইজে।
বই : জিন, জাদু ও বদনজরের চিকিৎসা
লেখক : শাইখ ওয়াহিদ ইবনু আব্দিস সালাম বালি
অনুবাদ : মুফতি তারেকুজ্জামান
প্রকাশক : সমকালীন প্রকাশন
পৃষ্ঠাসংখ্যা : ২৯৪
মুদ্রিত মূল্য : ৪৩০/- টাকা
মোবাইল : ০১৪০৯৮০০৯০০
লেখক : আলেম, গবেষক ও সাংবাদিক