ভারত থেকে নেমে আসা পানি ও ভারী বর্ষণে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে বাংলাদেশে। বিশেষত ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর, কুমিল্লাসহ অন্তত ১৩টি জেলার মানুষ এই বন্যায় অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অসংখ্য মানুষ ও সংগঠন। এর মধ্যে শরিয়তপুর নড়িয়ার ইফাদাতুল মুসলিমিন ফাউন্ডেশন অনত্যম। ফাউন্ডেশনটি ২৯ আগস্ট (বৃহস্পতিবার) বন্যার্তদের মাঝে ত্রাণ দিয়েছেন।
জানা গেছে, ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়খুল হুফফাজ মাওলানা শওকত আলী ও ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুফতি শহীদুল্লাহর নেতৃত্বে ১০ জনের একটি টিম তিন দলে ভাগ হয়ে নোয়াখালীর লক্ষ্মীপুর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন। ত্রাণের মধ্যে চাল, ডাল, তেল ও জরুরি ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস ছিল। ৩০টি পরিবারকে নগদ অর্থও দেন।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মুফতি শহীদুল্লাহ বলেন, ‘আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সংগঠন ইফাদাতুল মুসলিমিন ফাউন্ডেশন। এর প্রধান তিনটি লক্ষ্য-উদ্দেশ্য হলো, শিক্ষা উন্নয়ন, চিকিৎসা সহায়তা, দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করছি।’
ফাউন্ডেশনের প্রতিনিধি মুফতি আমিন হানিফ বলেন, ‘এখনো বন্যাকবলিত এলাকাগুলোতে জনজীবন মানবেতর। প্রত্যন্ত অঞ্চলে সঠিকভাবে প্রয়োজনীয় খাবার পৌঁছতে পারছে না। তাদের সহযোগিতায় এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ফ্রি চিকিৎসা দেওয়া জরুরি। আমরা পাঁচটি পরিবারকে পুনর্বাসন করার পরিকল্পনা নিয়েছি।’
উল্লেখ্য, ২০২০ সালের ৯ অক্টোবর আলেমদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ইফাদাতুল মুসলিমিন ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বহুমুখী সেবামূলক কাজ করছে।
রায়হান/মিরাজ রহমান