শায়খ আবু সাদ বলেন, স্বপ্নে জ্বর দেখার ব্যাখ্যা শুভ নয়। কেননা এটা মৃত্যুর পূর্ব লক্ষণ এবং আজরাইল (আ.)-এর দূত। নিজেকে জ্বরে আক্রান্ত দেখলে স্বপ্নদ্রষ্টা এমন কোনো কাজ করবে, যা তার ধর্ম বিনষ্ট করে দেবে। অবিরাম জ্বর গুনাহর ওপর অটল থাকার মর্মবাহী। থেকে থেকে জ্বর ওই পাপের লক্ষণ—যা থেকে শাস্তি ভোগ করে তওবা করেছে। কেঁপে জ্বর এলে বুঝতে হবে এটা অলসতার লক্ষণ।
প্রবল তাপমাত্রার অবিরাম জ্বর দেখলে স্বপ্নদ্রষ্টা অন্যায়ের দিকে তাড়াহুড়া করবে। থেকে থেকে চতুর্থ দিনে জ্বর আসতে দেখার অর্থ হলো স্বপ্নদ্রষ্টা গুনাহ থেকে বারবার তওবা করে তওবা ভঙ্গ করেছে, তার শাস্তি ভোগ করবে। কারও মতে, নিজেকে জ্বরে আক্রান্ত দেখলে সে দীর্ঘজীবী হবে। স্বাস্থ্য ভালো থাকবে। সম্পদ বৃদ্ধি পাবে।
আঁচিল স্বপ্নে দেখার ব্যাখ্যা হলো, প্রচুর বর্ধনশীল সম্পদ। তবে এটা শেষ হওয়ার আশঙ্কা আছে। শুকনা খুজলি বা দাদ স্বপ্নে দেখা নিকটাত্মীয় থেকে দুর্দশায় পতিত হওয়ার পূর্বাভাস। ভেজা রসযুক্ত চুলকানি ও দাদ খুব কষ্ট ও পরিশ্রমে সম্পদলাভের অর্থ বোঝায়। কারও মতে, দরিদ্রের জন্য দাদ দেখা পর্যাপ্ত সম্পদের লক্ষণ। আর ধনীদের জন্য নেতৃত্বের আলামত। কারও মতে, যদি কেউ নিজের মধ্যে দাদ, খুজলি বা শ্বেত কুষ্ঠ দেখে, তবে এর ব্যাখ্যা হলো, এটা অন্যের মধ্যে দেখা দেবে। মুখের ফুসকুঁড়ি ফেটে পুঁজ বের হতে দেখলে বিজয় ও সফলতা আসবে।
ফোঁড়া, ফুসকুঁড়ি, খুজলি দাদ বা বসন্তের জমা পুঁজ দেখলে প্রচুর সম্পদ লাভ করবে। বসন্ত সম্পদের প্রাচুর্যের লক্ষণ। হাম, জলবসন্ত, ফোঁড়া দেখা বাদশার কাছ থেকে চিন্তাসহ সম্পদ অর্জন করা এবং তা নষ্ট হওয়ার আশঙ্কার আলামত। ফোঁড়া স্বপ্নে দেখলে যে পরিমাণ তাতে পুঁজ দেখবে, সেই পরিমাণ সম্পদ বোঝাবে। শরীরে ময়লা দেখা, অধিক গুনাহর নিদর্শন। শরীরের লোম চলে যেতে দেখা, সম্পদ চলে যাওয়ার পূর্বাভাস।
(স্বপ্নের ব্যাখ্যাবিদ মুহাম্মাদ ইবনে সিরিনের বিখ্যাত বই তাফসিরুল আহলাম বা স্বপ্নের ব্যাখ্যা থেকে সংক্ষেপিত)
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক