প্রশ্ন : গত রমজানের শেষ তিন দিন এবং ঈদের দিন আমি সফরে ছিলাম। সফরে থাকাকালীন সময়ে আমি রোজা রাখিনি এবং সদাকাতুল ফিতরও আদায় করিনি। সফর থেকে ফিরে আমি সেই তিনটি রোজা কাজা করেছি। এখন একজন ভাই আমাকে বলেছেন যে, সফরে থাকলেও সদাকাতুল ফিতর আদায় করা আমার ওপর ওয়াজিব ছিল। আমার প্রশ্ন হলো—
(১) সফরে থাকলেও কি সদাকাতুল ফিতর ওয়াজিব হয়?
(২) যদি ওয়াজিব হয়ে থাকে, তা হলে এখন আমার করণীয় কী? ঈদের দিন চলে যাওয়ার পর এখন তা আদায় করতে হবে কি না? উল্লেখ্য, আমি নেসাব পরিমাণ সম্পদের মালিক।
উত্তর : প্রশ্নোক্ত পরিস্থিতিতে আপনার ওপর সদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। কারণ, সদাকাতুল ফিতর নেসাব পরিমাণ সম্পদের মালিক প্রত্যেক মুসলিমের ওপর ওয়াজিব, তা সে মুকিম (স্থায়ী বাসিন্দা) হোক বা মুসাফির (সফরকারী) ঈদুল ফিতরের দিন সদাকাতুল ফিতর আদায় করা উত্তম হলেও, কোনো কারণে তা আদায় না করা হলে পরবর্তী সময়ে আদায় করা আবশ্যক। এটি মাফ হয়ে যায় না।
অতএব, আপনার করণীয় হলো, অনাদায়ী সদাকাতুল ফিতর দ্রুত আদায় করা। এটি এখন আদায় করলেও আপনার দায়িত্বপূর্ণ হবে। (আলমুলতাকাত ফিল ফাতাওয়া (পৃ. ৮৫-৮৬), জামিউর রুমূয (১/৩৪৩), মাজমাউল আনহুর (১/৩৩৪), ফাতাওয়া সিরাজিয়্যাহ (পৃ. ২৮), রদ্দুল মুহতার (২/৩৫৯)
লেখক : সহ-সম্পাদক, দৈনিক খবরের কাগজ