ইসলামি অর্থনীতি ও লেনদেনের মূল ভিত্তি হলো সুস্পষ্টতা, ন্যায্যতা এবং ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাই এমন প্রতিটি চুক্তি থেকে স্পষ্টভাবে নিষেধ করেছেন, যেখানে প্রতারণা বা অস্পষ্টতার কারণে ক্রেতা-বিক্রেতার মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে বা কোনো পক্ষ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। এই নীতিই নিশ্চিত করে সমাজের অর্থনৈতিক স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা।
ঝগড়ার পথ বন্ধ করাই মূল উদ্দেশ্য
প্রতারণাপূর্ণ বিক্রয়ের একটি সাধারণ চিত্র হলো পণ্য সম্পর্কে অজ্ঞতা বা তার অস্তিত্ব নিয়ে অনিশ্চয়তা। যখন কোনো লেনদেনে পণ্যটি অস্পষ্ট বা অনির্দিষ্ট থাকে, তখন উভয় পক্ষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এই বিবাদ ও লোকসানের পথ স্থায়ীভাবে বন্ধ করার জন্যই ইসলামে এমন লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।
তাই নবিজি (সা.) বিশেষভাবে নিম্নোক্ত বিষয়গুলোর ক্রয়-বিক্রয় থেকে নিষেধ করেছেন:
অনিশ্চিত অস্তিত্বের পণ্য: যেমন- উটের গর্ভে না-আসা বাচ্চা, গর্ভে থাকা বাচ্চা, আকাশের উড়ন্ত পাখি বা পানিতে ভাসমান মাছ। এসব ক্ষেত্রে পণ্যটি হাতে পাওয়ার নিশ্চয়তা নেই।
অনির্দিষ্ট ও অস্পষ্ট চুক্তি: জাহিলি যুগে প্রচলিত পাথরের টুকরা নিক্ষেপের মাধ্যমে ক্রয়-বিক্রয় এবং ধোঁকাপূর্ণ ক্রয়-বিক্রয়কে রাসুলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। (সহিহ মুসলিম: ১৫১৩)
অনিশ্চিত মূল্য পরিশোধের তারিখ: যেমন- পণ্যের মূল্য পরিশোধের সময় নির্ধারণ করা হলো ‘গর্ভবতী উষ্ট্রী মাদি বাচ্চা প্রসব করার পর সেই মাদী বাচ্চাটি বড় হয়ে যখন সেও গর্ভবতী হবে’— তখন। এখানে মূল্য পরিশোধের দিন-তারিখ চরমভাবে অজ্ঞাত ও অস্পষ্ট, যা ঝগড়ার জন্ম দিতে পারে।
অনুপস্থিত ও অজ্ঞাত পণ্য: গর্ভবতী উষ্ট্রীর গর্ভস্থ বাচ্চাকে প্রসবের আগেই বিক্রি করা। এখানে পণ্যটির অস্তিত্ব (জীবিত বা মৃত), তার সুস্থতা বা আদৌ কোনো বাচ্চা আছে কি না— সবকিছুই অনিশ্চিত। এতে প্রতারণার আশঙ্কা প্রবল।
ফল ও শস্যের উপযোগিতা প্রকাশ না হওয়া পর্যন্ত বিক্রয় নিষেধ
নবিজি (সা.) দেখলেন, অনেক সময় ফল পরিপক্ব ও ব্যবহার-উপযোগী হওয়ার আগেই মানুষ ফল বিক্রি করে দেয়। কিছুদিন পরে প্রাকৃতিক দুর্যোগে ফলগুলো নষ্ট হলে ক্রেতা-বিক্রেতা অনিবার্যভাবে ঝগড়ায় লিপ্ত হয়। বিক্রেতা বলে, ‘আমি ভালো ফল বিক্রি করেছি’, আর ক্রেতা বলে, ‘আমি ফল পাইনি’।
এই ঝগড়া-বিবাদ দূর করার জন্যেই তিনি একটি যুগান্তকারী অর্থনৈতিক নীতি দিলেন: ফল-ফসল ততক্ষণ পর্যন্ত বিক্রি করা যাবে না, যতক্ষণ না তার উপযোগিতা প্রকাশ পায় এবং নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দূর হয়। ইবনু উমার (রা.) বলেন, নবিজি (সা.) ফল-ফসল বিক্রি করতে নিষেধ করেছেন, যতক্ষণ না তার উপযোগিতা প্রকাশ পায়। ফলের উপযোগিতা সম্বন্ধে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, যতক্ষণ না ফল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দূর হয়। (সহিহুল বুখারি, ১৪৮৬; সহিহ মুসলিম, ১৫৩৪)। অনুরূপভাবে, মুকুল সাদা বা পরিপক্ব হয়ে বন্যা, ঝড় ও শিলাবৃষ্টির মতো বিপন্মুক্ত হওয়ার আগে শস্য-ফল বিক্রি করতেও নিষেধ করা হয়েছে। (সহিহ মুসলিম, ১৫৩৫)
তাৎক্ষণিক কাটার শর্তে বৈধতা
তবে এই নিয়মের একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমও রয়েছে। যদি ক্রেতা বিক্রয়ের পর দেরি না করে তাৎক্ষণিকভাবে ফল কেটে নিয়ে যাওয়ার শর্তে ক্রয় করে, তবে ফলের উপযোগিতা প্রকাশ না পেলেও তা বৈধ হবে। কারণ, এক্ষেত্রে ফল নষ্ট হওয়ার ঝুঁকি ক্রেতার হাতে চলে যায়। ফলে ক্রেতা-বিক্রেতার মাঝে ঝগড়া-বিবাদের কোনো আশঙ্কা থাকে না।
এভাবে, ইসলাম লেনদেনের ক্ষেত্রে কেবল আনুষ্ঠানিকতাকে নয়, বরং চুক্তির ভেতরের ন্যায় ও ভারসাম্যের নীতিকে প্রাধান্য দেয়। প্রতারণা ও অস্পষ্টতার পথ রুদ্ধ করার মাধ্যমে ইসলাম মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এবং সমাজে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে।
লেখক: আলেম ও সাংবাদিক