আফতাব নগর ইমাম-উলামা পরিষদের আয়োজনে সীরাতুন্নবী (সা.) প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আন-নুর কনভেনশন হল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফতাবনগর বড় মসজিদ-মাদরাসা কমপ্লেক্সের মুহতামিম ও আফতাবনগর ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতি মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী, জহুরুল ইসলাম সিটি সোসাইটির সেক্রেটারি জেনারেল এস এম কামাল এবং জেকে লাইফস্টাইল লিমিটেডের চেয়ারম্যান ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির।
পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরীদুদ্দীন মাদানী ও কোষাধ্যক্ষ মাওলানা হুসাইন আহমাদ কাসেমীর উপস্থাপনায় পরিচালিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক খবরের কাগজ পত্রিকার বিভাগীয় প্রধান বিশিষ্ট লেখক মাওলানা মিরাজ রহমান। অনুষ্ঠানে সীরাতে রাসুল (সা.) ও সমসাময়িক পৃথিবী শিরোনামে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন সাব্যসাচী লেখক আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন।
সীরাতে রাসুল (সা.) জানার এই প্রতিযোগিতায় আফতাবনগর এলাকার প্রায় সাড়ে তিনশত সাধারণ মানুষ রেজিস্ট্রেশন করেন এবং দুই শতাধিক মানুষ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। মোট ২০ জনকে প্রথম থেকে দশম পুরস্কার প্রদান করা হয় । প্রথম পুরস্কার হিসেবে ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার সাইকেল, তৃতীয় পুরস্কার মাইক্রোওভেন, চতুর্থ পুরস্কার ডিনারসেট এবং পঞ্চম পুরস্কার হিসেবে স্মার্ট ওয়াচ প্রদান করা হয়। ষষ্ঠ থেকে দশম পর্যন্ত আরো ১৫ জনকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত ২০ জনকেই পুরস্কারের পাশাপাশি সার্টিফিকেট এবং সীরাতের গ্রন্থ প্রদান করা হয়। এছাড়া দুই শতাধিক লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীকে সান্তনা পুরস্কার হিসেবে নোটবুক ও কলম প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেকে লাইফস্টাইল লিমিটেডের চেয়ারম্যান ডা. জাহাঙ্গীর কবির বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর লাইফস্টাইল এবং তার সুন্নত মেনে জীবনযাপণ করলে ৬০/৭০ ধরনের কোনো রোগ মানুষের হবে না, ইনশা আল্লাহ।
জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মাদ আলমগীর হোসেন ঢালী বলেন, সীরাতে রাসুল (সা.) জানার এ আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি চাই এ আয়োজন আগামীতে আরও যত বড় হোক। আমি এর সঙ্গে প্রধান সহযোগী হিসেবে থাকবো, ইনশাআল্লাহ
জহুরুল ইসলাম সিটি সোসাইটির সেক্রেটারি জেনারেল এস এম কামাল হোসেন আলেম-উলামাদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আমি সবসময় মসজিদ-মাদরাসা ও আলেম-ওলামাদের সঙ্গে থাকি, সব কাজে জড়িত থাকব ইনশাআল্লাহ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আলেম সমাজ এগিয়ে এলে সমাজে ভালো পরিবর্তন আসবেই।
উক্ত অনুষ্ঠানে আফতাবনগর ইমাম উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম শামীম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমামুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরীদুদ্দীন মাদানী, কোষাধ্যক্ষ মাওলানা হুসাইন আহমদ কাসেমী, সহ-কোষাধ্যক্ষ মুফতি শরিফুল ইসলাম কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফতি ওমর ফারুক কাসেমী, সহ-দপ্তর সম্পাদক আ.স.ম. মাওলানা আল আমিন ও সদস্য মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মাবরুরুল হকসহ অনেক সদস্য উপস্থিত ছিলেন।
লেখক : আলেম ও সাংবাদিক