আগামীকাল সোমবার বিকাল ৩টায় রাজধানীর নিউ ইস্কাটন দিলু রোডে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসায় ১৪৪৬/৪৭ হিজরী শিক্ষাবর্ষের তাকমিল (মাস্টার্স) সমাপনী ও ফারেগিন ছাত্রদের ‘দস্তারবন্দি’ (পাগড়ি প্রদান) উপলক্ষে বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, এই মাহফিলে হাদিস বিজ্ঞানের কালজয়ী গ্রন্থ ‘সহিহ বুখারি শরিফ’-এর শেষ পাঠ বা ‘আখেরি দরস’ প্রদান করা হবে। এরপর কৃতি শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী সম্মাননা হিসেবে পাগড়ি প্রদান ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার পরিচালক আল্লামা খলীল আহমদ কুরাইশী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুল রহমান, ফরিদাবাদ মাদরাসার প্রধান মুফতি আব্দুস সালাম এবং অত্র মাদরাসার শায়খুল হাদিস মুফতি হাসান জামিল। এছাড়াও দেশ-বরেণ্য শীর্ষ ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেবেন।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ রুহুল আমিন-এর সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হবে। জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি সালাহ উদ্দিন এই আধ্যাত্মিক ও শিক্ষামূলক মাহফিলকে সফল করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
এই অনুষ্ঠানটি মাদরাসার শিক্ষা-সমাপনীর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ছাত্রদের দীর্ঘদিনের জ্ঞান অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগাবে।