মানুষ প্রতিদিন ব্যস্ত থাকে জীবনের অসংখ্য হিসাব নিয়ে। লাভ-লোকসান, সাফল্য-ব্যর্থতা, হাসি-কান্না—এই চক্রেই কেটে যায় দিন ও রাত। কিন্তু এই ব্যস্ততার ভিড়ে সবচেয়ে অবহেলিত থেকে যায় আত্মার হিসাব। শবে বরাত নামের সেই বরকতময় রজনী গভীর আহ্বান নিয়ে মুমিনের দরজায় আজ উপস্থিত। যেনো মানুষ নিঃশব্দে নিজের ভেতরের আয়নায় তাকাতে পারে, নিজের অবস্থান নিজেই বিচার করতে পারে। আর‘বরাত’ শব্দের অর্থ ভাগ্য রজনী,বন্টন, মুক্তি, অব্যাহতি ও নিষ্কৃতি। অর্থাৎ গুনাহের ভার থেকে মুক্তি, আল্লাহর শাস্তি থেকে রক্ষা এবং তাঁর রহমতের ছায়ায় আশ্রয় লাভ। শবে বরাতের মূল দর্শন এখানেই—মানুষ যত বড় অপরাধীই হোক না কেন, যদি সে আন্তরিক অনুশোচনা নিয়ে তাওবার পথে ফিরে আসে, তবে আল্লাহ তায়ালার দরবারে তার জন্য আশার দ্বার খুলে দেন। হাদিস শরিফে বর্ণিত হয়েছে, শাবান মাসের মধ্যরাতে আল্লাহ তায়ালা সৃষ্টিজগতের প্রতি বিশেষ দৃষ্টিতে তাকান এবং অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন।
তবে শিরকে লিপ্ত, অহংকারে নিমজ্জিত কিংবা অন্তরে বিদ্বেষ পোষণকারীরা এই মহামূল্যবান সুযোগ থেকেও বঞ্চিত থাকে। এখানেই শবে বরাতের মূল শিক্ষা স্পষ্ট হয়ে ওঠে—এটি কোনো যান্ত্রিক ইবাদতের রাত নয়; বরং অন্তরের সংস্কার ও আত্মার শুদ্ধতার রাত। শবে বরাত মূলত নিজের সঙ্গে নিজের সাক্ষাতের রাত। এই রাতে মানুষ নিঃসংকোচে নিজেকে প্রশ্ন করতে পারে— আমি কি সত্যিই আল্লাহর বান্দা হয়ে বেঁচে আছি? আমার নামাজ, আমার লেনদেন, আমার আচরণ—সবকিছু কি ইসলামের আলোয় পরিচালিত? আমি কি অজান্তে বা ইচ্ছাকৃতভাবে কারও হক নষ্ট করেছি, কারও হৃদয়ে কষ্ট দিয়েছি? এই প্রশ্নগুলোই শবে বরাতের প্রাণ। কেবল দীর্ঘ নামাজ বা অশ্রুসিক্ত দোয়া নয়; বরং নিজের ভুল স্বীকার করে তা সংশোধনের দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করাই এ রাতের প্রকৃত সাফল্য।
শরীয়তের আলোকে শবে বরাতে নফল ইবাদত করা ফজিলতপূর্ণ। নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে বান্দা তার রবের নৈকট্য লাভের চেষ্টা করে। তবে এই ইবাদত যেন লোকদেখানো না হয়, যেন অহংকারের জন্ম না দেয়—সে বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি। ইসলাম কখনোই প্রান্তিকতা বা বাড়াবাড়িকে সমর্থন করে না। অতিরঞ্জিত আয়োজন, নির্দিষ্ট পদ্ধতিকে আবশ্যক মনে করা কিংবা ভিত্তিহীন বিশ্বাস ও কুসংস্কারে জড়িয়ে পড়া—এসব শবে বরাতের শিক্ষা নয়। বরং নীরবতা, বিনয় ও গভীর আত্মসমর্পণের মধ্যেই এই রাতের প্রকৃত সৌন্দর্য নিহিত।
শবে বরাত মানুষকে স্মরণ করিয়ে দেয় জীবনের অনিশ্চয়তার কথা। মৃত্যু অনিবার্য, সময় সীমিত। আজ যে সুযোগ রয়েছে, কাল তা নাও থাকতে পারে। তাই এই রাত হোক জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার সূচনা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি সুস্পষ্ট অঙ্গীকার —আমি মিথ্যা পরিহার করব, অন্যায় থেকে দূরে থাকব, নামাজে যত্নবান হব, মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করব।