পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তরুণ প্রজন্মের মাঝে ধর্মীয় সচেতনতা ও উৎসবের আমেজ তৈরি করার লক্ষ্যে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার ‘রমাদান ইন ইয়ং হার্টস’।
গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ মিলনায়তনে ডিআরএমসি ইসলামিক কালচারাল ক্লাব ও কাহফ কিডস-এর যৌথ উদ্যোগে এবং তাজ ফুড-এর সৌজন্যে এই প্রি-রমজান সচেতনতামূলক সেমিনারটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র উপাধ্যক্ষ ফাতেমা জোহরা। তিনি তার উদ্বোধনী বক্তব্যে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধির গুরুত্ব এবং শিক্ষার্থীদের নৈতিক ও চরিত্র গঠনে এই মাসের ভূমিকা নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের রমজানের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সূচনা করেন।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, লেখক ও শিশু-প্যারেন্টিং অ্যাক্টিভিস্ট জনাব জাহিদ হাসান। তিনি তার আলোচনায় পবিত্র রমজান মাসকে সঠিকভাবে কাজে লাগানোর উপায়, রমজানের করণীয় ও বর্জনীয় এবং পরিবারকেন্দ্রিক ইবাদতের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া কিশোরদের মানসিক প্রস্তুতি ও ঈদ উদযাপনের বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবসমূহের কো-অর্ডিনেটর ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: জাহেদুল হক। এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের মডারেটর জনাব ইবরাহিম আল মামুন এবং কার্যনির্বাহী সদস্য মুনতাসির আলম অর্পন। তারা শিক্ষার্থীদের নিয়মিত নৈতিক চর্চায় উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল রমজানকে সুশৃঙ্খলভাবে শুরু করা এবং আত্মিক উন্নয়নের মাধ্যমে পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানো। গম্ভীর আলোচনার পাশাপাশি সেমিনারটিতে ছিল প্রাণবন্ত কুইজ সেশন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। কুইজ বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় উপহারের ব্যবস্থা।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মিলিয়ে প্রায় ৭ শতাধিক ব্যক্তির উপস্থিতিতে আয়োজিত এই সেমিনারটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর। অংশগ্রহণকারীরা জানান, রমজান ও ঈদের প্রস্তুতির বিষয়ে এমন দিকনির্দেশনামূলক আয়োজন তাদের জন্য অত্যন্ত সময়োপযোগী ও শিক্ষণীয় ছিল।
তরুণদের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ।