ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি তাঁবু ক্যাম্পে ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বর হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬০ জন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) গাজা অঞ্চলের বেসামরিক জরুরি সেবা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
গাজার সিভিল ডিফেন্স জানায়, মঙ্গলবার ভোরে খান ইউনিসের আল-মাওয়াসি অঞ্চলে ২০টির বেশি তাঁবু ক্যাম্পে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত ৪০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।
তারা আরও জানায়, হামলার পর উদ্ধারকর্মীরা একটি তাঁবু ক্যাম্পে প্রায় ৯ মিটার গভীর গর্ত খুঁজে পায়। হামলার পর সেখানে আগুন ধরে গেছে বলে জানিয়েছে তারা। সে সময় ইসরায়েলি নজরদারি বিমান ঘোরাফেরা করতে দেখেছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
আল-মাওয়াসি শরণার্থীশিবিরের প্রবেশপথে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ইউকে-মেড পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল রয়েছে। এই হাসপাতালের কাছেই হামলা হয়েছে।
গাজার রাফা ও খান ইউনিসে স্থল অভিযান চালানোর সময় আল-মাওয়াসিকে ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করেছিল ইসরায়েলি বাহিনী। এরপর অনেক ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি ছেড়ে উপকূলীয় এই এলাকায় আশ্রয় নিয়ে তাঁবুগুলোতে গাদাগাদি করে বসবাস করছেন।