মহাকাশ নিয়ে উপন্যাস ‘অরবিটাল’ লিখে সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কার ম্যান বুকার জিতেছেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে।
মঙ্গলবার (১২ নভেম্বর) এ পুরস্কার ঘোষণা করা হয়।
এটি মহাকাশ নিয়ে লেখা প্রথম কোনো বই, যেটি বুকার পুরস্কার জিতেছে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে ‘অরবিটাল’ উপন্যাসে।
এ উপন্যাসে যে ছয় কাল্পনিক মহাকাশচারীর কথা তুলে ধরা হয়েছে তাদের মধ্যে দুজন পুরুষ এবং চারজন নারী।
পুরস্কার পেয়ে হার্ভে বলেন, ‘যেসব মানুষ পৃথিবীর পক্ষে কথা বলেন, অন্যের মর্যাদা, অন্যের জীবন রক্ষায় কথা বলেন এবং যেসব মানুষ শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন ও অন্যকে আহ্বান জানান তাদের জন্য এই পুরস্কার উৎসর্গ করছি।’
১৩৬ পৃষ্ঠার ‘অরবিটাল’ উপন্যাসটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই। এটি হার্ভের লেখা পঞ্চম উপন্যাস। কোভিড-১৯ মহামারিতে লকডাউনের সময় বইটির বেশির ভাগ অংশ লিখেছেন তিনি।
বুকার পুরস্কার ২০২৪-এর জন্য মনোনীত ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় হার্ভে ছাড়াও আরও চারজনের নাম ছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের লেখক র্যাচেল কুশনার ছিলেন ‘ক্রিয়েশন লেক’ বইয়ের জন্য এবং কানাডীয় লেখক অ্যান মাইকেলসও ‘হেল্ড’ বইয়ের জন্য।
এদিকে বিচারক প্যানেলের চেয়ারপারসন এডমুন্ড ডে ওয়াল বলেছেন, ‘বিচারকদের সম্মতিতে ব্রিটিশ লেখক হার্ভেকে বুকার পুরস্কার জয়ী ঘোষণা করা হয়েছে।’
তিনি একে ‘ক্ষতবিক্ষত পৃথিবীর’ গল্প হিসেবে অভিহিত করেছেন।
ডে ওয়াল বলেছেন, ‘আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় নভোচারীর পৃথিবী প্রদক্ষিণ করা, সীমানা এবং টাইম জোনের নাজুক জায়গাজুড়ে আবহাওয়ার গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা নিয়ে লেখা এ গল্পে প্রত্যেকেই বিষয়বস্তু, আবার কেউই বিষয়বস্তু নয়।’ সূত্র: বিবিসি ও দ্য গার্ডিয়ান
পপি/অমিয়/