ভারতের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহতের ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। জম্মু-কাশ্মীরে এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন। উপত্যকাটির অনন্তনাগ বিভাগের পেহেলগাঁও-এ হামলার ঘটনা ঘটে।
বুধবার (২৩ এপ্রিল) এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি জানায়, ভারতে ফিরে নরেন্দ্র মোদি আজ দিল্লিতে ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’র জরুরি বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। এই বৈঠকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
মঙ্গলবারের (২২ এপ্রিল) এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বাধিক প্রাণঘাতী বেসামরিক হামলা বলে অভিহিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
এনডিটিভি বলছে, মোদি বুধবার সকালে নয়াদিল্লিতে পৌঁছান। তার সৌদি সফর মূলত বুধবার রাতে শেষ হওয়ার কথা ছিল, তবে কাশ্মীরের ঘটনায় তা আগেভাগেই শেষ করেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সৌদি রাজপ্রাসাদে গিয়ে সৌদি নেতৃত্বকে মোদির সফর সংক্ষিপ্ত হওয়ার কারণ জানান।
সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান বলেন, ‘এই সফরে কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে আলোচনা হয়েছে এবং সৌদি যুবরাজ এ হামলার নিন্দা জানান। সন্ত্রাসবিরোধী সহযোগিতায় ভারত ও সৌদি আরব একসাথে কাজ করছে।‘
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নিন্দা জানান এবং তিনি মোদির সঙ্গে ফোনে কথা বলবেন বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানান।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন- ‘কাশ্মির থেকে আসা খবরে আমরা শোকাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।‘ সূত্র: এনডিটিভি
দিনা/অমিয়/