যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভুয়া তথ্য প্রদান এবং বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ‘মাউথপিস’ হিসেবে কাজ করার অভিযোগ তুলে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উচ্চ আদালতে (ফেডারেল কোর্ট) এই মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা গত সোমবারই দিয়েছিলেন ট্রাম্প।
গত সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন, “নিউইয়র্ক টাইমস দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করে যাচ্ছে। সচেতনভাবে তারা আমার বিরুদ্ধে নানা অপবাদ দিচ্ছে, আমার নামে কুৎসা রটনা করছে এবং এখন এই চর্চা থেকে তাদের বের হওয়ার সময় এসেছে। কারণ আমি এই সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছি। ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা হবে এই মামলা।”
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ফ্লোরিডার ফেডারেল আদালতে ১ হাজার ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন তার আইনজীবী দল। মামলার অভিযোগপত্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ‘মিথ্যা, বিদ্বেষপূর্ণ, মানহানিকর এবং অবমাননাকর’ তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
এদিকে, এই মামলার ব্যাপারে নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
সুলতানা দিনা/