ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয়দের বিদেশি তৈরি পণ্য বাদ দিয়ে স্থানীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। রয়টার্সের খবর।
রবিবার (২১ সেপ্টেম্বর) এক ভাষণে তিনি ‘স্বদেশি’ প্রচারণর ওপর জোর দেন। এমন সময়ে তিনি বিদেশি পণ্য বর্জনের এই আহ্বান জানালেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েন চলছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতের অনেক প্রতিষ্ঠানও স্থানীয় পণ্যের প্রচারণা বাড়িয়েছে।
ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের আমদানি পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর থেকেই মোদি দেশীয় পণ্য ব্যবহারের তাগিদ দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় তার সমর্থকেরা ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপলের মতো যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড বর্জনের প্রচারণা শুরু করেছেন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, “আমরা প্রতিদিন যে পণ্য ব্যবহার করি, তার অনেকগুলোই বিদেশে তৈরি। আমাদের এগুলো থেকে মুক্তি পেতে হবে। আমাদের অবশ্যই দেশীয় পণ্য কিনতে হবে। যদিও তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি।”
বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ ভারতে যুক্তরাষ্ট্রের পণ্যের বিশাল বাজার রয়েছে। অ্যামাজনের মতো ই-কমার্স সাইটের মাধ্যমেও এসব পণ্য ছড়িয়ে পড়েছে ১৪০ কোটি জনসংখ্যার দেশটির ছোট শহর ও গ্রামীণ বাজারেও।
মোদি আরও আহ্বান জানিয়ে বলেন, “ বিক্রেতারা যেন দেশীয় পণ্য বিক্রিতে গুরুত্ব দেন। এতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।”
এদিকে, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল শিগগিরই ওয়াশিংটন সফরে যাবেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সুলতানা দিনা/