দক্ষিণ-পূর্ব ইরানের নিকটতম শহর থেকে প্রায় ৩১ মাইল দূরে অবস্থিত তাফতান আগ্নেয়গিরি দীর্ঘ নিস্তব্ধতার পর হঠাৎ সক্রিয় হতে শুরু করেছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, গত ১০ মাসে আগ্নেয়গিরিটির চূড়ার উচ্চতা ৩ দশমিক ৫ ইঞ্চি বৃদ্ধি পেয়েছে, যা অভ্যন্তরীণ চাপের সঞ্চয় নির্দেশ করছে।
গবেষকরা স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে এই তথ্য উদঘাটন করেছেন। তাফতান একটি স্ট্রাটোভালকানো, যার মধ্যে শক্ত লাভা ও ছাই রয়েছে এবং ম্যাগমা প্রায় দুই মাইল নিচে অবস্থান করছে। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তিনটি বাষ্প নিঃসরণের ছিদ্রের চারপাশে উচ্চতার বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে।
গবেষকরা বলছেন, চাপের সঞ্চয় মূলত হাইড্রোথার্মাল সিস্টেমের কারণে, যেখানে বাষ্প ও গ্যাস আটকায়। একটি সম্ভাবনা হচ্ছে, ছোট পরিমাণে ম্যাগমা তৈরি হওয়া অতিরিক্ত গ্যাস চাপ বাড়িয়েছে। যদিও আগ্নেয়গিরি এখন পর্যন্ত ফাটেনি, তবে বাষ্পচাপের বিস্ফোরণের ঝুঁকি রয়েছে।
স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার এবং তাফতানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ফসল, জনসংখ্যা এবং পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করা যায়। সূত্র: ইয়াহু
মেহেদী/