ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর সশস্ত্র বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে ইরান। বিশেষ করে যেসব দেশ ইরানের অভিজাত সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-কে কালো তালিকাভুক্ত করেছে, তাদের বিরুদ্ধেই তেহরান এই পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব আলি লারিজানি এই ঘোষণা দেন।
আলি লারিজানি জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলো আইআরজিসি-র বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে, ইরানও তার বিপরীতে সেসব দেশের সশস্ত্র বাহিনীকে সন্ত্রাসী হিসেবে গণ্য করবে।
ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যারা এই ধরনের পদক্ষেপ নিয়েছে, তার পরিণাম বা ফলাফল সেই ইউরোপীয় দেশগুলোকেই ভোগ করতে হবে।
সম্প্রতি ইরানে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। এরই প্রতিক্রিয়া হিসেবে তেহরান এই কঠোর অবস্থানের কথা জানাল।
বিশ্লেষকদের মতে, ইরানের এই পদক্ষেপের ফলে ইউরোপের দেশগুলোর সঙ্গে তেহরানের কূটনৈতিক ও সামরিক উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছাতে পারে। এর আগে যুক্তরাষ্ট্র এবং কানাডাও আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল, যার জবাবে ইরান মার্কিন সেন্ট্রাল কমান্ডকেও (CENTCOM) একই তালিকায় স্থান দিয়েছিল। সূত্র: আল জাজিরা
মাহফুজ/