রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে গলিত পারমাফ্রস্ট থেকে উদ্ধার হওয়া ৫০ হাজার বছরের পুরোনো একটি শিশু ম্যামথের দেহাবশেষ প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শিত হয়েছে। গবেষকরা বলছেন, এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত ম্যামথের দেহাবশেষ।
‘ইয়ানা’ নামের এই মেয়ে ম্যামথটির ওজন ১০০ কেজির বেশি ও উচ্চতা ১২০ সেন্টিমিটার। বিজ্ঞানীরা ধারণা করছেন, মৃত্যুর সময় ইয়ানার বয়স ছিল মাত্র এক বছর। বিশ্বজুড়ে পাওয়া সাতটি ম্যামথের দেহাবশেষের মধ্যে এটি অন্যতম।
ইয়ানার দেহাবশেষ রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে অবস্থিত বাটগাইকা গর্তের গলিত পারমাফ্রস্টের মধ্যে পাওয়া গেছে। ১ কিলোমিটার গভীর এই গর্ত ‘গেটওয়ে টু দ্য আন্ডারওয়ার্ল্ড বা পাতালের প্রবেশদ্বার’ নামে পরিচিত। এর আগে এখান থেকে প্রাচীন বাইসন, ঘোড়া ও কুকুরসহ অন্যান্য প্রাগৈতিহাসিক প্রাণীর দেহাবশেষ পাওয়া গেছে।
জলবায়ু পরিবর্তনের ফলে পারমাফ্রস্ট গলে যাওয়ায় এ ধরনের প্রাগৈতিহাসিক প্রাণীর দেহাবশেষ আরও বেশি উন্মোচিত হচ্ছে। ইয়ানাকে রাশিয়ার নর্থ-ইস্টার্ন ফেডারেল ইউনিভার্সিটিতে পাঠানো হয়েছে। এটি নিয়ে বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞানীরা গবেষণা করবেন। এই বিশ্ববিদ্যালয়টিতে ম্যামথ গবেষণা কেন্দ্র ও জাদুঘর রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই আবিষ্কারকে ‘ব্যতিক্রমী’ বলে আখ্যায়িত করেছেন। তারা বলছেন, এটি ম্যামথদের জীবনধারা ও তাদের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর কৌশল সম্পর্কে নতুন তথ্য দেবে।
ইয়ানার মতো এ ধরনের প্রাচীন দেহাবশেষ শুধু বিজ্ঞানীদের গবেষণার ক্ষেত্রকে সমৃদ্ধ করছে না, বরং আমাদের পৃথিবীর ইতিহাস সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ দিচ্ছে। সূত্র: রয়টার্স


