প্রায় ৯ বছর আগে দায়ের হওয়া নাশকতার এক মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ দলটির ৪৫ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বিচার শুরুর সঙ্গে সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত। আইনের দৃষ্টিতে তিনি পলাতক থাকায় এই পরোয়ানা জারি করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় এ আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন। আদেশে আগামী ৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব ও ইসহাক সরকার।
উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে ৬-৭ জন যাত্রী দগ্ধ হন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক পরদিন মামলাটি করেন। মামলা তদন্ত করে ২০১৬ সালের ২৩ আগস্ট একই থানার উপপরিদর্শক কমল কৃষ্ণ সাহা এই ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।