বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ১০টি এসি বাস দিয়ে শুরু হয়েছে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের শিববাড়িতে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এ প্রকল্প উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ১০টি বিআরটিসি বাস নিয়ে বিআরটি প্রকল্প চালু করা হয়েছে। স্বল্প আয়ের মানুষের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিআরটি প্রকল্পে চার হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। কিন্তু এটার কোনো সুবিধা পাচ্ছিল না জনগণ। বিআরটি একটি রুগ্ন প্রকল্প, সেটা আমরা আগে থেকেই জানি। অনেকবার সময় বাড়ানো হয়েছে তারপরও কাজ শেষ করতে পারেনি। এই প্রকল্প মানুষের কোনো উপকারে আসছিল না। তাই প্রাথমিকভাবে আমরা পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে ১০টি বিআরটিসি বাস দিয়ে এই সেবা চালু করা হয়েছে। বিআরটি লেনের বাকি কাজগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে এবং অবশিষ্ট কাজ শেষ করা হবে।
উপদেষ্টা বলেন, বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয় দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি। যদি আগের দুর্নীতি নিয়ে কারও কাছে কোনো গ্রহণযোগ্য তথ্য থাকে তবে মন্ত্রণালয়ে জানালে ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটি করিডোর দিয়ে বিআরটিসির এসি বাসগুলো চলাচল করবে। প্রাথমিকভাবে এই বাসগুলো গাজীপুরের শিববাড়ী বিআরটি টার্মিনাল থেকে বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার মোট ৪২ দশমিক ৫ কিলোমিটার পথে চলাচল করবে।
শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শহরের শিববাড়ী বিআরটি স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএর মহাপরিচালক ড. মো. মনিরুজ্জামান, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান প্রমুখ।
এর আগে সকালে রাজধানীর সঙ্গে গাজীপুরের যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে নতুন চার জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করেন মুহাম্মদ ফাওজুল কবির খান।
অমিয়/