ভারতের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে নয়া দিল্লি। এর আগে গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এর দুই দিনের মাথায় দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হলো।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। সেই সঙ্গে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে সাম্প্রতিক হুমকি ও বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের জন্য আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানায় দেশটি।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। তবে বাংলাদেশের পক্ষে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নিউজ এইটটিন জানায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতীয় হাইকমিশনকে হুমকি এবং বাংলাদেশি নেতাদের ভারতবিরোধী উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে।
প্রতিবেদন বলছে, হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর কাছে হুমকির বিষয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে, তবে হুমকির সঠিক প্রকৃতি উল্লেখ করা হয়নি। ব্যাপক অস্থিরতার মধ্যে ইতোমধ্যে ভারত হাইকমিশন থেকে অতিরিক্ত কর্মী সরিয়ে নিয়েছে।
ধারণা করা হচ্ছে, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যকে ঘিরে এই তলব করা হয়েছে।
ঢাকায় একটি সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকার, এদেশের সন্তানদের বিশ্বাস করে না- তাদের আশ্রয়, ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উসকে দিচ্ছেন। আমরাও বলে দিচ্ছি - আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরও আশ্রয় দিয়ে, সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব।’
তিনি আরও বলেন, ‘যারা এখনও দিল্লির তাঁবেদারি করছে তাদের বলছি, আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করব।’
চলতি সপ্তাহের শুরুতে বিক্ষোভের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানো হয়, যা দুই দেশের কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
অমিয়/