আমরা গণতন্ত্র, স্বাধীনতা-মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছেন। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন এবং জনগণ তাকে গণতন্ত্রের মা হিসেবে সম্মান করে। তিনি গণতন্ত্রের প্রতীক। দীর্ঘ ১৬–১৭ বছর দেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি নিজের স্বার্থ ত্যাগ করে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্বের কারণে জনগণ তাকে ‘আপোষহীন দেশনেত্রী’ উপাধিতে ভূষিত করেছে।’
রবিবার (৭ ডিসেম্বর) চকরিয়ার হারবাং ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।
এ সময় হারবাং, বৈরইতলী, গরুবাজার, কৈয়ারবিলসহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পথসভা ও রাস্তায় দাঁড়িয়ে মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি।
স্থানীয়রা জানান, অনেক বছর পর তাদের নেতা এলাকায় আসায় তাকে এক নজর দেখার জন্য দীর্ঘসময় ধরে রাস্তায় অপেক্ষা করেছেন। প্রার্থী উপস্থিত হলে তিনি বৃদ্ধা নারীদের গলায় মালা পরিয়ে সম্মান জানান।
কয়েকজন বৃদ্ধা নারী বলেন, ‘আমরা তাকে শেষ দেখেছি প্রায় ১৫ বছর আগে। তার অবদান ভোলার নয়। চারদলীয় জোট সরকারের সময়ে চকরিয়া-পেকুয়ায় অসংখ্য উন্নয়ন করেছেন-স্কুল, কলেজ, রাস্তা, সেতু নির্মাণসহ নানা কাজ। তাই তাকে দেখতে ছুটে এসেছি।’
হারবাং বাজারের পথসভায় আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি এলাকার সমস্যাগুলো ভালোভাবে জানি। ইনশাআল্লাহ, সেগুলোর সমাধানে কাজ করব। তফসিল ঘোষণার পর আমরা আচরণবিধি মেনে গণসংযোগ চালিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোটাধিকার প্রয়োগ সম্ভব হবে। যারা গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে, তারা বিএনপিকে ভোট দেবেন।’
শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছেন। আমরা গণতন্ত্রের, স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং জনগণ তাকে গণতন্ত্রের মা হিসেবে মেনে নিয়েছে।’
তিনি কাকারা ইউনিয়নের শহিদ মিজানের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন উন্নয়ন এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর প্রতিশ্রুতি দেন। তার দাবি, মহাসড়ক ও সমুদ্রবন্দর প্রকল্প বিএনপি সরকারের প্রধান উন্নয়ন প্রকল্প হবে।
সর্বশেষ, তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘আগামীতে বাংলাদেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে-যদি আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেন।’
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রাকিবুল হাসান/রিফাত/