মানবজাতির পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য বাস্তবায়নে যে বিধিবদ্ধ কাঠামো দরকার, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে একটি ছোট্ট মানবশিশুর সুস্থ বিকাশ। এই শিশুই একদিন সেই উদ্দেশ্য বাস্তবায়নের প্রধান অগ্রগামী যোদ্ধা হবে, নয়তো আল্লাহদ্রোহে নিজেকে ধ্বংস করবে। তাওহিদ প্রতিষ্ঠার এই গুরুভার বহনে আল্লাহর নির্ধারিত তারবিয়াত ব্যবস্থার আয়োজনের কোনো বিকল্প নেই। সন্তান যে কত বড়ো আমানত, তা পরকালেই সুস্পষ্ট হয়ে উঠবে। একদিকে যেমন চোখের শীতলতা, দুনিয়ায় পিতৃত্ব কিংবা মাতৃত্ব স্বাদের উপলক্ষ, পরম বিনোদন; অন্যদিকে জান্নাতের যাওয়ার এক বড়ো মাধ্যম এই সন্তান। সন্তানের পরিচর্যার ওপর কেবল নিজের দুনিয়া ও আখেরাতের সফলতাই নির্ভর করে না, এর ওপর দাঁড়িয়ে আছে পুরো সমাজব্যবস্থাসহ শাসনকাঠামো। তাওহিদের ওপর প্রতিষ্ঠিত তাকওয়াভিত্তিক সমাজ ও শাসনব্যবস্থায় মুত্তাকি বান্দাদের কোনো বিকল্প নেই। আর এ মুত্তাকি বান্দা গঠনের প্রাথমিক ধাপ হচ্ছে পরিবার। যার নিয়ন্ত্রণ বাবা-মায়েদের হাতেই।
একটি মানবশিশু যে ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে, তা যত বেশি অক্ষুণ্ণ থাকবে, তাকে আল্লাহর অনুগত আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা তত বেশি সহজ হবে। পরম যত্ন ও পরিচর্যায় শৈশবেই যদি তার নিষ্কলুষ হৃদয়ে সঠিক আদর্শ ও চূড়ান্ত সফলতার বীজ বুনে দেওয়া না যায়, তবে প্যারেন্টিংয়ের এত এত জ্ঞান সবই পর্যবসিত হবে ব্যর্থতায়।
তা হলে বাবা-মা হিসেবে আমরা কীভাবে রক্ষা পাব ব্যর্থতার হাত থেকে? কীভাবে রক্ষা পাব শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমানতের খিয়ানাতকারী হওয়া থেকে? কীভাবে সন্তানকে গড়ে তুলব আল্লাহর পছন্দসই পন্থায়? কোন সে মৌলিক দিক, যার পরিচর্যা নিশ্চিত করবে আমাদের সন্তানদের দুনিয়া ও আখেরাতের চূড়ান্ত সফলতা? সন্তান প্রতিপালনের মৌলিক রূপরেখার বই বেসিক প্যারেন্টিং।
সন্তানকে কীভাবে বড়ো করেছেন, কেমন পদ্ধতিতে পরিচর্যা করেছেন, হাশরের ময়দানে আল্লাহতায়ালা এসব জিজ্ঞেস করবেন। একজন বাবা সন্তানের আদব-আখলাক, ফরজ ইলম শিক্ষা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। তাই এ ব্যাপারে সতর্ক হওয়ার এখনই সময়। সন্তানের সঠিক প্রতিপালনে এ বইটি পাথেয় হিসেবে কাজ করবে।
বইটি মূলত শাইখ আবদুর রাযযাক আল-বদরের দুটো বই (খুব সম্ভবত লেকচার বা বয়ান কিংবা দারসের ট্রান্সক্রাইবড রূপ) থেকে সংকলিত। বই দুটো সামনে রেখে মূল ভাব অক্ষুণ্ণ রেখে সংকলন বা ভাবলিখন করেছেন লেখক। নিজ থেকে প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজনও করেছেন লেখক। অনুবাদ করেছেন তাইব হোসেন। বইটি প্রকাশ করেছে পেনফিল্ড পাবলিকেশন। ৬৪ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ১১৪ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি পেনফিল্ড পাবলিকেশন থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে।
বই: বেসিক প্যারেন্টিং
লেখক: শাইখ আবদুর রাযযাক আল-বদর
ভাবসংকলন ও সম্পাদনা: তাইব হোসেন
প্রকাশক: পেনফিল্ড পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা: ৬৪
মুদ্রিত মূল্য: ১১৪ টাকা
মোবাইল: ০১৪০৭-০৫৬৯৬১